দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে স্বামীর। এমনটাই সন্দেহ ছিল স্ত্রীর। প্রতিবাদ করায় ফল হল ভয়াবহ। স্ত্রীর মুখে অ্য়াসিড ছুড়ে মারলেন স্বামী।
ঘটনাটি ঘটেছে দু’মাস আগে। গতকাল, সোমবার থানায় এসে নিজের স্বামী, শাশুড়ি-সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তরণী। সেই অভিযোগের ভিত্তিতেই স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ২০১১ সালে কোচবিহার ঘোকশারডাঙা এলাকার বাসিন্দা সাবিনা খাতুনের বিয়ে হয় মহম্মদ মমিরুদ্দিনের সঙ্গে। মহম্মদ জলপাইগুড়ি ইন্দিরা কলোনীর বাসিন্দা। পেশায় তিনি টাইলস মিস্ত্রি। এলাকার বাসিন্দাদের দাবি, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বচসা লেগেই থাকত। মহম্মদ কোনও অবৈধ সম্পর্কে জড়িত এমনটাই সন্দেহ ছিল সাবিনার।
ইদানীং সেই বিবাদ চরমে উঠেছিল। মহম্মদেরও দাবি ছিল তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িত। অভিযোগ, গত ২৭ অগস্ট গভীর রাতে মহম্মদ ও তাঁর মা মমিনা বেওরা এবং ওই প্রতিবেশী মহিলা-সহ আরও একজনের সঙ্গে মিলে সাবিনার মুখে অ্যাসিড ঢেলে দেন। যন্ত্রণায় কাতরাতে শুরু করেন সাবিনা। স্থানীয়েরাই এসে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, মহম্মদ ও তাঁর মা মমিনাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।