
শেষ আপডেট: 9 October 2023 00:42
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে সবেমাত্র অভিযান শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে রবিবার ছয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচে বোলারদের ভূমিকায় উজ্জ্বল ছিলেন তিন স্পিনারই, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।
এমনকী পেসারদের মধ্যে যশপ্রীত বুমরার ঝুলিতে রয়েছে দুটি উইকেট। দশ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রানে পান মিচেল মার্শ ও প্যাট কামিন্সের উইকেট।
ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান মাঠে ছিলেন। তিনি নামী ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বুমরাই এবার বিশ্বকাপে সেরা বোলার হবে, দেখে নেবেন। চোট কাটিয়ে ফিরে এসে আরও ধারালো হয়েছে ওর বোলিং। বিপক্ষ বুঝে ওঠার আগেই উইকেট নিয়ে চলে যাচ্ছে।’
বুমরা নিয়ে বলতে গিয়ে উচ্ছ্বসিত ভারতীয় দলের জাক (জাহির খানের ডাকনাম)। তিনি জানিয়ে দিয়েছেন, ‘বুমরা বোলিং ইনিংসের শুরুতে যেমন উইকেট তুলতে পারে, আবার ডেথ ওভারেও বুদ্ধি করে বোলিং করে ফায়দা তুলতে জানে। তাই আমার বিচারে বুমরাই সেরা বোলার হতে চলেছে এই বিশ্বকাপে।’
ভারতের মাঠে এই বিশ্বকাপ যে বোলারদেরও হতে চলেছে, সেটিও বলেছেন জাহির। ভারতীয় দলের একটা সময় সেরা বোলিং অস্ত্র বলেছেন, ভারতের মাঠে শুধু ব্যাটাররাই নন, ম্যাচের পার্থক্য গড়ে দেবেন বোলাররাও। প্রথম ম্যাচেও দেখা গিয়েছে বুমরা, জাদেজারা অজিদের ২০০ রানের মধ্যে থমকে রাখতে পেরেছে বলেই জয় শেষদিকে সহজ হয়েছে রোহিতদের।