
জাহির খানকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন যুবতী
শেষ আপডেট: 22 February 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। রাজনীতির ময়দান তো বটেই, ২২ গজের লড়াইয়েও কেউ কারোর থেকে কম যান না। তবে এই হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন মাঠের পাশাপাশি স্টেডিয়ামেও এমন অনেক ঘটনার সাক্ষী হতে হয়, যা কার্যত চিরস্মরণীয় হয়ে থাকে। কেউ স্টেডিয়াামে এসে ঘুমিয়ে পড়েন। কেউ বা আবার এমন পোশাক পরে আসেন, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। একবার ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। সেই ভিডিও আজও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে আছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে পাকিস্তান ক্রিকেট দল ভারত সফরে এসেছিল। দুই দলের মধ্যে আয়োজন করা হয়েছিল ৩ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচটা বেঙ্গালুরুতে খেলা হচ্ছিল। এই ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনা ঘটেছিল, যা আজও ক্রিকেট সমর্থকদের হৃদয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। ২০১৫ সালের ১৫ অক্টোবর আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস বোলার জাহির খান (Zaheer Khan)। তাঁর বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত রয়েছে। তারমধ্যে অবশ্যই এটা একটা।
আসলে ম্যাচ চলাকালীন একজন মহিলা ক্রিকেট ফ্যান জাহির খানকে (Zaheer Khan Fan Girl Video) প্রেম নিবেদন করেছিলেন। এই ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, স্টেডিয়ামে উপস্থিত ওই যুবতী সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। একটা সময় তো ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধই করে দেওয়া হয়েছিল। সেইসময় ব্যাট করছিল ভারতীয় ক্রিকেট দল। ক্রিজে ছিলেন রাহুল দ্রাবিড় এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
ওই যুবতীর হাতে একটি প্ল্যাকার্ড ছিল। আর সেই প্ল্যাকার্ডে জাহির খানের উদ্দেশ্যে লেখা ছিল 'আই লাভ ইউ'। টেলিভিশন ক্যামেরায় একবার দেখানো হচ্ছিল ওই যুবতীকে, আর একবার জাহির খানকে। জাহির সেইসময় তাঁর সতীর্থ ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে ড্রেসিংরুমে বসেছিলেন। তিনিও গোটা ব্যাপারটা উপভোগ করছিলেন। বিষয়টা নিয়ে যে এতটাও মাতামাতি হবে, সেটা ওই যুবতীও কল্পনা করতে পারেননি। সেকারণে তিনি লজ্জায় নিজের মুখ ঢেকে ফেলেন। কিছুটা লজ্জিত হয়েই যুবতী জাহিরের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছোড়েন। এরপর যা হল, সেটা কেউ কল্পনাও করতে পারেননি। জাহিরও ওই যুবতীকে ফ্লাইং কিস পাঠিয়ে দেন। এটা দেখে সকলেই বিস্মিত হন। গোটা স্টেডিয়াম তাঁদের জন্য চিয়ার করতে শুরু করে।
Cameraman made this moment a life time memory for her ❤️ pic.twitter.com/9azgmLM5KV
— Vijay (@veejuparmar) February 21, 2025
এই ভিডিওটি অবশ্যই জাহির খানের ক্রিকেট কেরিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। সেইসময় কমেন্ট্রি বক্সে ছিলেন রবি শাস্ত্রী। তিনি গোটা বিষয়টা আরও মাখোমাখো করে দেন। এমনকী, ব্যাট হাতে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেহওয়াগও হাসতে থাকেন। পাকিস্তানের ক্রিকেটাররাও বিশ্বাস করতে পারছিলেন না যে লাইভ ম্যাচে এমন ঘটনাও ঘটতে পারে।
এই ম্যাচে পাকিস্তান ভারতীয় ক্রিকেট দলকে ১৬৮ রানে হারিয়ে দেয়। তারা প্রথম ইনিংসে ৫৭০ এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৬১ রান করেছিল। ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ৪৪৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে ২১৪ রান করতে পারে। ম্যাচের প্রথম ইনিংসে ইউনিস খান ২৬৭ এবং ইনজামাম উল হক ১৮৪ রান করেছিলেন। অন্যদিকে, ভারতের হয়ে বীরেন্দ্র সেহওয়াগ প্রথম ইনিংসে ২০১ রান করেছিলেন।