
যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা
শেষ আপডেট: 21 February 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদ নাকি ইতিমধ্যে হয়ে গিয়েছে। সম্প্রতি একটি সূত্র এমনটাই দাবি করেছে।
গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, যুজবেন্দ্র এবং ধনশ্রীর বৈবাহিক সম্পর্কে নাকি চিড় ধরেছে। আর সেকারণেই নাকি তাঁরা ডিভোর্সের পথ বেছে নিতে পারেন। তবে তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার পর, সেই গুঞ্জন আরও দানা বাঁধতে শুরু করে। এমনকী, ইনস্টাগ্রাম থেকে একে অপরের যাবতীয় ছবিও মুছে ফেলেছেন। তবে এখনও পর্যন্ত দুজনেই কেউই আনুষ্ঠানিকভাবে এই কথাটা স্বীকার করেননি।
একটি সংবাদমাধ্যম সূত্রের খবর অনুসারে, টিম ইন্ডিয়ার এই পাওয়ার কাপল সম্প্রতি বান্দ্রা ফ্যামিলি কোর্টে গিয়েছিলেন। সেখানেই তাঁদের বাধ্যতামূলক কাউন্সেলিং করানো হয়েছে। তবে তাঁরা দুজনেই পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
যুজবেন্দ্র এবং ধনশ্রী দুজনেই আদালতকে জানিয়েছে যে তাঁদের মধ্যে তালমিলের যথেষ্ট অভাব রয়েছে। সঙ্গে এও জানিয়েছেন যে তাঁরা নাকি গত ১৮ মাস ধরে আলাদা রয়েছেন।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, এরপর বৃহস্পতিবার বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ বিচার তাঁদের ডিভোর্সের দাবি মঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০২০ সালে ধনশ্রী বর্মাকে বিয়ে করেছিলেন টিম ইন্ডিয়ার ৩৪ বছর বয়সি এই তারকা লেগস্পিনার।