
সঞ্জয় সিং এবং ভিনেশ ফোগত।
শেষ আপডেট: 8 August 2024 09:39
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচের আগে ডিসকোয়ালিফায়েড হয়েছেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত। এই ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে নানা মহলে। ষড়যন্ত্রের আভাসও পেয়েছেন কেউ কেউ। কেউ দাবি করেছেন, কোচ, ফিজিও, ডায়েটিশিয়ান-- সবার ভূমিকা খতিয়ে দেখা হোক। এবার তাঁদের উপরেই ক্ষোভে ফেটে পড়লেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি সঞ্জয় সিং। ভিবেশের ব্যক্তিগত কোচ এবং বাকি সাপোর্ট স্টাফদের উপস্থিতি নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, 'আপনারা কি প্যারিসে ঘুরতে গেছিলেন?'
সেমিফাইনালে প্রবাদপ্রতিম কুস্তিগীরকে হারিয়ে ইতিহাস তৈরি করেছিলেন ভিনেশ ফোগত। উঠেছিলেন ফাইনালে। কিন্তু সেই ফাইনালের আগে ওজন কমিয়ে ৫০ কেজিতে খেলার মাপকাঠি ছুঁতে পারেননি। ১০০ গ্রাম অতিরিক্ত ওজনের জন্য সরে যেতে হয় তাঁকে। কেন কমানো গেল না এই ওজন, এত বড় মঞ্চে এত বড় ভুল কীভাবে হল, এই নিয়ে গোটা দেশই প্রশ্ন তুলেছে।
এবার সেই প্রশ্নের অভিমুখই ভিনেশের কোচ, ডায়েটিশিয়ান এবং ফিজিওর দিকে ঘুরিয়ে দিলেন ডব্লিউএফআই সভাপতি। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য তাঁদেরই জবাবদিহি করা উচিত। তাঁর কথায়, 'খেলোয়াড় তার অনুশীলনেই পুরোপুরি মনোনিবেশ করে ছিলেন, সেটাই স্বাভাবিক। তাই এর জন্য তাঁকে দোষ দেওয়া অনুচিত হবে। সাপোর্ট স্টাফদেরই অন্যান্য সমস্ত বিবরণ চেক করতে হবে। এগুলো খেয়াল রাখার জন্যই তো অ্যাথলিটের সঙ্গে সাপোর্ট স্টাফ পাঠানো হয়। সরকার পাঠায় তাঁদের। ওরা কি ওখানে ঘোরার জন্য গেছে?'
সঞ্জয় সিং আরও জানান, এখন থেকে খেলোয়াড়দের সঙ্গে কোনও ব্যক্তিগত স্টাফ নিয়ে যেতে দেওয়া হবে না বলে ভাবছে ডব্লিউএফআই। কেবল ডব্লিউএফআই কোর্সের মাধ্যমে বেছে নিয়ে কেবল কোচ, ফিজিও এবং পুষ্টিবিদদেরই দলের সঙ্গে পাঠানো হবে। তিনি বলেন, 'প্যারিস থেকে অলিম্পিক টিম ফেরার পরে এই নিয়মটি বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করবে ডব্লিউএফআই। কেবল আমাদের কোর্সের মাধ্যমেই যোগ্য পুষ্টিবিদ এবং ফিজিওদের দলের সঙ্গে পাঠানো হবে, অন্য কাউকে সুযোগ দেওয়া হবে না।'
ডব্লিউএফআই প্রধান আরও বলেন, 'এত বড় ভুল মেনে নেওয়া যায় না। এই ভুলের পরিণতি অনেক বড়। ১৪০ কোটি ভারতীয়র হৃদয় ভেঙেছে। ভিনেশের সঙ্গে যেটা হল, সেটা কেন হল, কীভাবে হল, তা তাঁর ব্যক্তিগত কোচ, ডায়েটিশিয়ান এবং ফিজিও, যাঁরা ভিনেশের সঙ্গে উপস্থিত ছিলেন, কেবল তাঁরাই বলতে পারবেন। ভিনেশের যা প্রস্তুতি ছিল, তাতে তিনি সোনা প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন। তাই এই পরিস্থিতির জন্য ওঁর কোচকেই জবাবদিহি করতে হবে।'