
শেষ আপডেট: 22 February 2024 23:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য ফুটবল লিগ ও আইএফএ শিল্ড এর জন্য সর্ব ভারতীয় ফুটবল সংস্থার ক্যালেন্ডারে সময় নির্দিষ্ট করার বিষয়ে আশ্বাস দিয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা।
এদিন দিল্লির ফুটবল হাউসে সর্ব ভারতীয় ফুটবল সংস্থার ভারপ্রাপ্ত সচিব ভি সত্যনারায়ণ এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন আইএফএর সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব সুফল রঞ্জন গিরি ও রাকেশ ঝাঁ।
বৈঠকের পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা সর্ব ভারতীয় ফুটবল সংস্থার ভারপ্রাপ্ত সচিব কে বোঝাতে পেরেছেন কেন রাজ্য ফুটবল লিগ ও আইএফএ শিল্ডের জন্য সময় নির্দিষ্ট করা প্রয়োজন। এ আই এফ এফ সচিব এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন।
জুন থেকে সেপ্টেম্বর সময়টা রাজ্য ফুটবল লিগের জন্য নির্দিষ্ট করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিটি রাজ্য সংস্থার সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য এক বৈঠক করার কথা জানিয়েছেন তিনি| এ জন্যে আই লিগের তৃতীয় ডিভিশন ও ডুরান্ড কাপের সময়সূচীর কিছুটা পরিবর্তন করা হতে পারে।
শীতে আইএফএ শিল্ডের জন্য পনেরো-কুড়ি দিনের একটা সময় নির্দিষ্ট করার বিষয়ে আলোচনা হয়েছে। কোচেস ইনস্ট্রাক্টর এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আরও কোচেস ইনস্ট্রাক্টর নিয়ে এসে বাংলায় কোচেস ইনস্ট্রাক্টর ট্রেনিং প্রোগ্রাম করার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও আইএফএ এর পক্ষ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ভারত বনাম কুয়েত ম্যাচটি কলকাতায় আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।