
বিরাট কোহলি
শেষ আপডেট: 11 May 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) বুধবার টেস্ট ক্রিকেটকে (Test Cricket) বিদায় (Rohit Sharma Retirement) জানিয়েছেন। শুক্রবার লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছেন বিরাট কোহলি (Virat Kohli Retirement)। আর এই নিয়ে আপাতত ভারতীয় ক্রিকেট সরগরম। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি, সংঘর্ষ-বিরতি এবং সেই চুক্তি ভেঙে পাকিস্তানের তরফ থেকে ফের আক্রমণ চালানোর মতো জোরদার রাজনৈতিক বিষয়ের পাশপাশি কাল দিনভর চর্চায় রয়েছেন বিরাট। আর এই সূত্রে উস্কে উঠেছে একাধিক কূট প্রশ্ন। যার মধ্যে একটি হচ্ছে, কেন আচমকা সরে যেতে চাইছেন বিরাট? সওয়ালকে ঘুরিয়ে এভাবেও রাখা যায়—বিরাট কি নিজে থেকে অবসর নিতে চাইছেন? নাকি তাঁকে চাপে ফেলে সরে যেতে বাধ্য করা হচ্ছে? পরিস্থিতির জেরেই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে?
এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোহলির একটি পুরনো ভিডিও (Virat Kohli Interview)। যেখানে তিনি টেস্ট ক্রিকেটের ‘অ্যানাটমি’ স্তরে স্তরে খুলে দেখিয়েছেন। কেন লাল বলের খেলা ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকে আলাদা, কোথায় আলাদা, কেন একজন ক্রিকেটার প্রতি মুহূর্তে টেস্ট থেকে সরে যেতে চান, কেন প্রতি পদক্ষেপে অনুভব করেন চাপ, প্রত্যাশার জোয়াল টেনে বেড়ানোর ধকল টেস্ট ক্রিকেটকে কীভাবে কঠিন লড়াইয়ে পরিণত করেছে—সবকিছু ধাপে ধাপে সেই ইন্টারভিউয়ে উঠে এসেছে। কোহলির আচমকা অবসরের সঙ্গে সেই সাক্ষাৎকারের যোগসূত্র খুঁজে পেয়েছেন অনুরাগীরা।
কথোপকথনের শুরুতেই বিরাট বলেন, ‘একজন ক্রিকেটারকে নিজের খেলা নিয়ে সৎ হতে হয়। টেস্ট ক্রিকেট খুব কঠিন। বিশেষ করে যখন তুমি দুনিয়ার অন্যতম সেরা টিম বা সর্বশ্রেষ্ঠ দলের সদস্য, তখন মনের মধ্যে একটা প্রশ্ন দানা বাঁধে—আর কতদিন এভাবে টেনে যাব? এবার বরং সরে দাঁড়ানো যাক। একটা জায়গায় গিয়ে মনে হওয়া স্বাভাবিক, পাঁচ দিনের লড়াই কি আমি লড়ে যেতে পারি? এখানেই নিজের কাছে সৎ থাকা জরুরি। তুমি কি পারবে নিজেকে নিংড়ে দিতে? টেস্টের তৃতীয় দিনে ঘুম থেকে ওঠার পর যখন পরিস্থিতি হাতের বাইরে, তুমি কি ফের একবার মাঠে নামার জন্য প্রস্তুত? দলের জন্য ১০০ কি ১৫০ রান তোলার সামর্থ্য রয়েছে? এই কাজ করাটা খুব কষ্টের। দু’দিন ছ’ঘন্টা করে মাঠে এভাবে খেলে যেতে হবে। এতটা শক্ত তুমি?’
এমনই একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেওয়ার পর নিজেকে নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে বিরাটের নিরপেক্ষ মূল্যায়ন, ‘কাল যদি আমায় খেলা ছেড়ে চলে যেতে হয়, তাহলে আমার এতটুকু আক্ষেপ থাকবে না। তার কারণ, জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন আমি যা কিছু করে গিয়েছি, সবই টিমের উন্নতির কথা মাথায় রেখে। কীভাবে দল আরও ভাল খেলে এবং আমি তার শরিক হতে পারি, সেই বিষয়ই চিন্তা করেছি।‘
What Test cricket means to Virat Kohli ❤️ pic.twitter.com/Db1NYletyK
— Sky Sports Cricket (@SkyCricket) May 10, 2025
উল্লেখ্য, গতকাল একটি সংবাদসংস্থা সূত্রে দাবি করা হয়, আসন্ন ইংল্যান্ড সফরে (England Series) দলের সঙ্গে যাবেন না বিরাট। বিসিসিআইকে (BCCI) নাকি তিনি ইতিমধ্যে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েও দিয়েছেন। বোর্ডের কাছে এ বিষয়ে আগাম কোনও ইঙ্গিত বা সংকেত কিছুই ছিল না। তাই কোহলির আচমকা অবসরের ইচ্ছেপ্রকাশে কার্যত হতবাক হয়ে পড়েন বিসিসিআইয়ের শীর্ষ আধিকারকরা। তড়িঘড়ি সিদ্ধান্ত পুনর্বিবাচনার আর্জিও জানানো হয়। কিন্তু গতকাল পর্যন্ত কিছুই বদলায়নি। সর্বশেষ পাওয়া খবরে, এখনও আগের সিদ্ধান্তে স্থির রয়েছেন বিরাট।
বিরাট-ঘনিষ্ঠ সূত্রের দাবি, শুক্রবার নয়, গত দু’সপ্তাহ আগেই নাকি অবসরের বিষয়টি বোর্ডের কানে দিয়েছিলেন কোহলি। এই নিয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল, আদৌ বিরাট টেস্ট থেকে সরে দাঁড়াবেন নাকি ইংল্যান্ডগামী বিমানে তাঁকে উঠতে দেখা যাবে—গোটা ছবি পরিষ্কার হবে আগামী সপ্তাহে। কারণ তখনই দল বাছাই নিয়ে বোর্ডের মিটিংয়ে বসার কথা।
অন্যদিকে, নির্বাচকরা একদিকে অনুরোধের রাস্তায় হাঁটলেও প্ল্যান বি নিয়ে নাকি ভাবতে শুরু করেছেন। ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে নামবেন, তার জন্য আপাতত দুটো নাম হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তাঁরা হলেন করুণ নায়ার ও শ্রেয়স আইয়ার। অন্যদিকে সরফরাজ খানের জায়গায় দলে ঢুকতে পারেন রজত পাটিদার। আর রোহিতের জায়গায় অধিনায়কের দায়িত্ব ন্যস্ত হবে শুভমান গিলের উপর। নেতৃত্ব নিয়ে কেএল রাহুল, জসপ্রী বুমরাহর মতো ক্রিকেটার চর্চায় থাকলেও দৌড়ে এগিয়ে শুভমান। বিশেষজ্ঞদের বড় অংশের এমনটাই মত।