
সাংবাদিক সম্মেলনে ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
শেষ আপডেট: 28 June 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপ ফাইনালই তাঁর কোচিং জীবনের শেষ ম্যাচ হতে চলেছে। রাহুল দ্রাবিড়ের ভারতের কোচ হিসেবে ইনিংস শেষ শনিবারই ক্যারিবিয়ান মাটিতে। তারপর তিনি প্রাক্তন কোচ হয়ে যাবেন। বিদায়বেলা রাঙিয়ে দিতে চাইলেও মুখে সেটি প্রকাশ করছেন না ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’।
উইকেটে যেমন তিনি দেওয়াল হিসেবে অবতির্ণ হতেন, কোচ হিসেবেও তাঁর মুখ থেকে বিতর্কিত কিছু পাওয়া যায় না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহা ফাইনালের আগে ভারতের কোচ বলেছেন, ‘‘ফাইনাল তো ফাইনালই হয়। ক্রিকেটে রিটেক বলে কিছু হয় না, একটা বলেই সব শেষ। তাই ছেলেদের বলেছি ম্যাচে ভুল যাতে খুব কম হয়। ওরা সবাই পেশাদার, জানে কী করলে ভাল হতে পারে, কাপ আসতে পারে। ওরা লড়াইয়ের জন্য প্রস্তত।’’
ভারতের কোচ হিসেবে ইনিংস শেষ করছেন মহা ফাইনালেই। এবার ঘরে ফিরে পরিবারকে সময় দেবেন দ্রাবিড়। সেই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিতদের কোচ জানিয়েছেন, ‘‘ট্রফি জিতে আমাকে উৎসর্গ নয়, দেশের জন্য কাপ জেতো, এটাই ছেলেদের বলেছি। ওরা কিছুক্ষেত্রে বেশি আবেগমুখর হয়ে যাচ্ছে।’’
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরে রোহিতকে দেখা যায় চোখের জল মুছছেন। এর আগেও ওয়ান ডে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেও হেরেছিলেন। সেই ঘটনা হয়তো মনে চলে এসেছিল হিটম্যানের। রোহিতের পাশে ছিলেন কোচ দ্রাবিড়ও। ফ্ল্যাশবাল্বে ফিরে এসেছিল রাহুলের সেই হতাশ মুখ। আমদাবাদের ফাইনালে কোচ দ্রাবিড়ের দিকে ক্যামেরা তাক করতে দেখা যায়, শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন।
এবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের পরে আবারও একটি ফাইনাল ম্যাচ। কী ভাবছেন? সেই নিয়ে কোচ বলেছেন, ‘‘আমার কাছে সবকিছুই সাধারণ, মাঠে যাও, পারফর্ম করো এবং জিতে ফিরে এসো।’’