1.png)
ইংল্যান্ডের ক্রিকেটাররা
শেষ আপডেট: 19 April 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: ১৯০০ সালের পর থেকে অলিম্পিক্সে (Olympics) ব্রাত্য ছিল বাইশ গজের দুনিয়া। ১৮৯৬ এথেন্স অলিম্পিক্সে (Ethens Olympics) ক্রিকেট অন্তর্ভুক্ত থাকলেও সেবার দলের অভাবে কোনও ম্যাচ হয়নি। এরপর ১৯০০ প্যারিস অলম্পিক্সে (Paris Olympics) প্রথমবারের মতো ক্রিকেট অনুষ্ঠিত হয়। সেবার মাত্র দু’টি দল অংশগ্রহণ করে, আয়োজক ফ্রান্স ও গ্রেট ব্রিটেন। ফ্রান্সকে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ফ্রান্স অবশ্য এখন ক্রিকেট বিশ্বে মোটেই পরিচিত মুখ নয়। এরপর থেকে আর অলিম্পিক্সে স্থান হয়নি ক্রিকেটের।
২০২৮ লস অ্যাঞ্জেলেস (2028 Los Angles Olympics) অলিম্পিক্সে ফিরছে বাইশ গজের দুনিয়া। ২০৩২ ব্রিসবেন অলিম্পিক্সেও থাকবে ক্রিকেট (Cricket)। উভয় ক্ষেত্রেই টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। পুরুষ এবং মহিলা বিভাগে ছ’টি করে দল অংশগ্রহণ করবে। তাই টেস্ট স্বীকৃতি পাওয়া ১২টি দেশের সকলেই যে জায়গা পাবে তেমনটি নয়।
এদিকে, ইংল্যান্ড (England) অলিম্পিক্সে অংশ নেয় গ্রেট ব্রিটেনের (Great Britain) অংশ হিসাবে। গ্রেট ব্রিটেনের বাকি দেশগুলি হল স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড। আবার ইংল্যান্ড ও ওয়েলস একই বোর্ড (England and Wales Cricket Board) ইসিবির অধীনে। এবার অলিম্পিক্সে স্কটিশ ক্রিকেটারদের খেলানোর জন্য ইংল্যান্ডের সঙ্গে যৌথ ভাবে ক্রিকেট দল তৈরির ভাবনায় রয়েছে স্কটল্যান্ড। দলগত শক্তির নিরিখে স্কটল্যান্ডের (Scotland) পক্ষে অলিম্পিক্স খেলার ছাড়পত্র পাওয়া যে সম্ভব নয় এটা বলা যেতেই পারে। স্কটিশ ক্রিকেট কর্তারা এ বিষয়ে খুব একটা আশা করছেনও না। সে কারণেও সম্মিলিত ব্রিটেন দল তৈরির ব্যাপারে আগ্রহী তাঁরা। সে ক্ষেত্রে স্কটল্যান্ডের কয়েক জন ক্রিকেটার অলিম্পিক্স খেলার সুযোগ পেলেও পেতে পারেন।
এ প্রসঙ্গে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড (Trudi Lindbled) বলেছেন, ‘‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ভাল। আমরা আলোচনা শুরু করেছি। অলিম্পিক্সের জন্য সম্মিলিত গ্রেট ব্রিটেন দল তৈরি করা যায় কি না সে বিষয়ে কথা হচ্ছে।’’
পুরুষ এবং মহিলা দু’বিভাগেই খেলার অবস্থায় রয়েছে ইংল্যান্ড। পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে আর মহিলাদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে। যেখানে স্কটল্যান্ড কোনও ক্রমতালিকাতেই প্রথম ১০ দলের মধ্যে নেই। তবুও আশাবাদী লিন্ডব্লেড বলেছেন, ‘‘সম্মিলিত ব্রিটিশ ক্রিকেট দল তৈরির জন্য ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মতি প্রয়োজন। মাত্র ছ’টা দল খেলার সুযোগ পাবে অলিম্পিক্সে। ব্রিটেন দল তৈরি করা গেলে দু’টো দেশ খেলার সুযোগ পেয়ে যাবে। বিষয়টা বেশ আকর্ষণীয়।’’
তবে এ প্রসঙ্গে আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যারি ব্রুক (Harry Brook) বেন স্টোকস(Ben Stokes), জো রুট (Joe Root), জোফ্রা আর্চাররা তাহলে কি ইংল্যান্ডের হয়ে খেলবেন না? বিশ্বকাপে তাঁরা ইংল্যান্ড জার্সিতে খেললেও অলিম্পিক্সে তাঁদর গায়ে কি উঠবে অন্য জার্সি?