
এবারের আইপিএলে ছন্দে থাকা কেকেআর দল।
শেষ আপডেট: 20 May 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ২১ মে মঙ্গলবার থেকে শুরু হবে আইপিএলের প্রথম প্লে অফের ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারের এই খেলায় সাক্ষাৎ ঘটবে কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে বৃষ্টি হলে গ্রুপে শীর্ষে থাকা দল ফাইনালে যাবে। আর হেরে যাওয়া দল চলে যাবে এলিমিনেটরে। ওই ম্যাচেও বৃষ্টি হলে কলকাতারই সুবিধে বেশি। কারণ তারা পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে শেষ করেছিল।
সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে। চেন্নাইয়ের এই মাঠ চিপক নামে পরিচিত। প্লে অফের ম্যাচে বর্ষণ হলে যে দল গ্রুপে বেশি পয়েন্ট পেয়েছিল, সেই দলই সুবিধে পাবে।
২২ মে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারলে সেই দলের বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৪ মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
আগামী ২৬ মে ফাইনাল চেন্নাইতে। সেদিন বৃষ্টি হলে অবশ্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু তিনটি প্লে অফ ম্যাচের কোনও রিজার্ভ ডে নেই। চেন্নাইতে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। এমনকী আমদাবাদেও রোদ-বৃষ্টির খেলা চলছে। তাই প্লে অফ ম্যাচগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকছে।