ভিডিওর শেষ অংশে দেখা যায়, ম্যাচের পর নাকামুরা ও গুকেশ করমর্দন করছেন—কোনও বিরূপ প্রতিক্রিয়া ছাড়া। নেই শীতলতাও।

নাকামুরা বনাম গুকেশ
শেষ আপডেট: 8 October 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: চৌষট্টি খোপের লড়াই জিতে ‘রাজা’ ছুড়ে দেওয়া আর তাই নিয়েই আপাতত সরগরম দাবার দুনিয়া! ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের (D. Gukesh) বিরুদ্ধে জয় পেয়ে দর্শকদের দিকে তাঁর ‘কিং’ ছুড়ে দিয়েছিলেন মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা (Hikaru Nakamura)। সেই ঘটনাই ঘনিয়ে তোলে তীব্র বিতর্কের ঝড়। কিন্তু এবার সামনে এল একটি নেপথ্য ক্লিপ, যা দেখিয়ে দিচ্ছে—পুরো ব্যাপারটাই ছিল সাজানো! নাকামুরা গুকেশকে না জানিয়ে কিংবা বিনা অনুমতিতে কিছুই করেননি। ফলে ‘অসম্মান’ জানানো কিংবা ‘অশোভন’ আচরণ সংক্রান্ত যে অভিযোগগুলি নাকামুরার বিরুদ্ধে উঠছিল, তার আদৌ ভিত্তি রয়েছে কি না—সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।
ভিডিও ক্লিপ সামনে এনেছে চেসবেস ইন্ডিয়া (ChessBase India)। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ‘চেকমেট: ইউএসএ বনাম ইন্ডিয়া’-র (Checkmate: USA vs India) আসরে ম্যাচের আগের রাতে আয়োজকদের বৈঠকে খেলোয়াড়দের জানানো হচ্ছে, দর্শকদের আকৃষ্ট করতে খেলায় একটু নাটকীয়তা আনতে হবে। সাফ নির্দেশ, ‘তোমরা চেকমেট করলে প্রতিপক্ষের রাজাকে তুলে ধরো, দর্শকদের দেখাও। চাইলে ছুড়তেও পারো—খেলাটাকে মঞ্চোপযোগী করে তুলতে হবে!’
সেখানেই নাকামুরাকে একগাল হাসিমুখে বলতে শোনা যায়, ‘আমি জিতলে রাজাকে ছুড়ে ফেলবা!’ পাশে দাঁড়িয়ে গুকেশ। তিনিও তাতে সম্মতি দেন। অর্থাৎ, ম্যাচের আগেই দুই খেলোয়াড় জানতেন—যদি হিকারু জেতেন, ‘রাজা’ উড়বেই!
ভিডিও প্রকাশ্যে আসতেই দাবার জগতে মিশ্র প্রতিক্রিয়া। কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন—‘অন্তত বোঝা গেল, অসম্মান নয়, শোয়ের অংশমাত্র!’ কেউ এখনও আগের অবস্থানে অনড় থেকে একই প্রশ্ন তুলছেন—‘খেলার মর্যাদা যদি এভাবে নাটকীয়তায় ঢেকে যায়, তবে ভবিষ্যৎ কোথায়?’
আগেই মার্কিন দাবাড়ু ও জনপ্রিয় ইউটিউবার লেভি রোজম্যান (Levy Rozman) পেশ করেন তাঁর বক্তব্য। রোজম্যানের কথায়, ‘দুই শিবিরকেই আগেভাগে জানানো হয়েছিল—দর্শকদের মাতাতে নাটকীয় ভঙ্গিমা ব্যবহার করা যাবে। রাজা ফেলা, ঘুঁটি উলটে দেওয়া… এসব ‘শো’-এর অংশ। হিকারু পরে গুকেশকে পর্দার আড়ালে বুঝিয়ে দেন, এটা নিছকই মজার জন্য করা!’ এই বিতর্কে গ্র্যান্ডমাস্টার অনীশ গিরিও (Anish Giri) নাকামুরার পক্ষ নিয়েছেন। তাঁর মন্তব্য, ‘আমি পুরোপুরি হিকারুর পক্ষে। এটা মজার। সবাই জানত আসল দাবাখেলার অংশ নয়, বরং নতুন করে দর্শক টানার চেষ্টা।’
ভিডিওর শেষ অংশে দেখা যায়, ম্যাচের পর নাকামুরা ও গুকেশ করমর্দন করছেন—কোনও বিরূপ প্রতিক্রিয়া ছাড়া। নেই শীতলতাও। প্রশ্নের উত্তরও যেন তখনই মিলে যায়—দাবার বোর্ডে যত নাটকই হোক না কেন, সেটা আসলে ‘রিহার্সাল’ করা বিনোদনের অংশ মাত্র।