
ফাইনাল ম্যাচেই জ্বলে উঠলেন কোহলি।
শেষ আপডেট: 29 June 2024 21:43
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলিকে কেন বড় মঞ্চের তারকা বলা হয়, আবারও বুঝল ক্রিকেট দুনিয়া। রোহিত শর্মা থেকে কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, কোহলি বড় তারকা, ওর রানে ফেরা সময়ের অপেক্ষা। সেটাই হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে।
যে ম্যাচে ভাল খেলার কথা ছিল, সেই ম্যাচেই জ্বলে উঠলেন বিরাট কোহলি। গত ম্যাচগুলিতে রান পাননি কোহলি। সেই নিয়ে কথা হচ্ছিল। দলের অধিনায়ক রোহিত তাঁর পাশে ছিলেন। দলনেতার কথার মর্যাদা দিলেন কোহলি। তিনি দুরন্ত মেজাজে ছিলেন এদিনের ম্যাচে। শেষমেশ ৫৯ রানে ৭৬ রান করে আউট হয়েছেন জানসেনের বলে। তার আগে ভারতীয় দল লড়াইয়ের মতো রান সংগ্রহ করে ফেলেছে। ২০ ওভারে ভারত করেছে ১৭৬ রান। জয়ের লক্ষ্য ১৭৭।
কোহলি চাপের মুখে ভাল খেলেন, আবারও সেটি দেখা গিয়েছে। তিন উইকেট পড়ে গিয়ে ভারত যখন চাপে, সেইসময় কোহলি লড়লেন। তিনি অবশ্য পাশে পেয়েছিলেন অক্ষর প্যাটেলকেও। তিনি ৪৭ রানে রান আউট হয়ে ফিরতেই শিবম দুবেও লড়লেন। তিনিও আসল ম্যাচে ভাল খেলেছেন।
ফাইনাল ম্যাচে ভাল শুরু করেছিল ভারতীয় দল। প্রথম নয়টি বলের মধ্যে পাঁচটিতে বাউন্ডারি এসেছিল। রোহিত ও কোহলি দারুণ শুরু করেছিলেন। কিন্তু এক ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ দুই উইকেট নিয়ে চাপে ফেলে দিলেন ভারতকে।
রোহিত আউট হলেন নয় রানের মাথায়। আর ঋষভ তিনে নেমে ওই মহারাজের বলেই ফিরলেন শূন্য রানে। উইকেটের পিছনে ডিককের হাতে ক্যাচ দিয়ে। কোহলির সঙ্গে লড়ছিলেন শিবম। তিনিও ২৭ রানে ফিরলেন।