
শেষ আপডেট: 22 April 2024 21:08
দ্য ওয়াল ব্যুরো: ইডেনে বেঙ্গালুরু দল যেমন হারল, তেমনি বিরাট কোহলির পক্ষেও ঘটনা প্রতিকূল হল। তিনি বড় শাস্তি পেলেন। কোহলিকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই কোহলিকে দেখা গিয়েছে বেশ উত্তেজিত তিনি। সিরাজের প্রথম উইকেট নেওয়ার পরে যেভাবে উচ্ছ্বাসপ্রকাশ করছিলেন, তখনই মনে হয়েছিল বিরাট বেশ মেজাজে রয়েছেন। খেলা যত গড়িয়েছে, ততই দেখা গিয়েছে কোহলি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে রয়েছেন।
ম্যাচে আউট হওয়ার পরে বিরাটকে দেখা যায়, সব সীমানা পেরিয়ে গিয়েছেন। নাইটদের পেসার হর্ষিত রাণার যে বলে আউট হন, সেটি কোমরের ওপর দিয়ে যাচ্ছিল। সেই বলে ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়ে যায়। এই ঘটনায় আরসিবি দলের প্রাক্তন অধিনায়ক আম্পায়ারের ওপর মেজাজ হারান। কোহলি বলতে থাকেন, এটি কীভাবে আউট দেওয়া হল।
বিরাট বলতে থাকেন, তাঁকে যে বলে আউট দেওয়া হল, সেটি নো বল ছিল। তারপরেও আউট দেওয়া হল কেন! এই নিয়ে বেশ জোরের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটের সেরা তারকাকে।
এমনকী ডাগআউটে ফিরে গিয়েও সতীর্থদের সঙ্গে যেভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছিলেন, সেটিও ম্যাচ রেফারি ভালমতন নেননি। আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে কোহলির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এত বড় শাস্তি এবারের আইপিএলে প্রথম ঘটল। এর আগে স্লো ওভাররেটের কারণে ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। কিন্তু সেটি ম্যাচ ফি-র ২০ শতাংশ। কোহলি সেদিক থেকেও ছাপিয়ে গেলেন।