বিরাটের কিন্তু কঠোরভাবে ভেগান। মানে মাংস, মাছ, ডিম তো বটেই—তিনি দুধ ও দুগ্ধজাত কোনও খাবারও ছোঁন না।

বিরাট কোহলি
শেষ আপডেট: 1 June 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি শুধু এক জন খেলোয়াড় নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড। মাঠে তাঁর পারফরম্যান্স হোক বা মাঠের বাইরে ফিটনেস—সবেতেই তিনি অনুপ্রেরণা। তাঁর লক্ষ লক্ষ অনুরাগী প্রতিদিন খোঁজ রাখেন, কী খান বিরাট, কোন ব্যায়াম করেন তিনি।
বিরাটের খাদ্যাভ্যাস কিন্তু কঠোরভাবে ভেগান। মানে মাংস, মাছ, ডিম তো বটেই—তিনি দুধ ও দুগ্ধজাত কোনও খাবারও ছোঁন না। সম্পূর্ণরূপে নিরামিষভোজী এই তারকা। তবু, একটি খাবারকে ‘না’ বলতে পারেন না বিরাট—তা হল 'মক চিকেন'।
কী এই মক চিকেন?
মক চিকেন হল একটি নিরামিষ খাবার, যা দেখতে-খেতে অনেকটাই মুরগির মতো। এটি তৈরি হয় সয়া প্রোটিন, গমের গ্লুটেন, টোফু, কাঁঠাল বা সিটানের মতো উপাদান দিয়ে। স্বাদ এবং টেক্সচারে আসল মাংসের কাছাকাছি আনার জন্য এতে ব্যবহৃত হয় নানা রকম মশলা ও রান্নার কৌশল।
ভেগান হয়ে কেউ মক চিকেন কেন খান?
বিরাট কোহলি কিংবা সুনীল ছেত্রী—অনেক ক্রীড়াবিদই স্বাস্থ্য ও নীতিগত কারণে আমিষ খাদ্য ত্যাগ করেছেন। কিন্তু শরীরের প্রোটিন, শক্তি ও পুষ্টির প্রয়োজন মেটাতে তাঁরা বেছে নিচ্ছেন এই ধরনের প্ল্যান্ট-বেসড বিকল্প। এমন অনেক নিরামিষাশী মানুষ আছেন, যারা আগে মাংস খেতেন। তাই তারা মক চিকেন বা মক মিট খেয়ে পরিচিত স্বাদটিকে বজায় রাখেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টিও পান।
মক চিকেন প্রক্রিয়াজাত খাবার। অনেক সময় এতে প্রিজারভেটিভ, কৃত্রিম ফ্লেভার বা উচ্চ মাত্রায় সোডিয়াম থাকে। যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে বা যাঁরা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলেন, তাঁদের জন্য এটি উপযুক্ত নয়। তাছাড়া, যাঁদের সয়া বা গ্লুটেন অ্যালার্জি রয়েছে, তাঁদেরও এই খাবার না খাওয়াই ভাল।