1.jpg)
কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার
শেষ আপডেট: 23 January 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো : যে ক্রিকেটারের জন্য কলকাতা নাইট রাইডার্স কোটি কোটি টাকা খরচ করল, রঞ্জি ট্রফি খেলতে নেমে সেই ক্রিকেটারই মারাত্মক চোট পেলেন। আজ্ঞে হ্যাঁ, ভেঙ্কটেশ আইয়ারের কথাই বলা হচ্ছে। গত বছর নভেম্বর মাসে আইপিএল টুর্নামেন্টের মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারের জন্য কেকেআর ম্যানেজমেন্ট ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল। শোনা যাচ্ছে, এই চোট এতটাই গুরুতর যে ভেঙ্কটেশের আইপিএল টুর্নামেন্ট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেকারণেই কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা আপাতত সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন।
চলতি রনজি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলতে নেমেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। ব্যাট করার সময়ই চোট পেয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ক্রিকেটারকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। মাঠের মধ্যেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। কিন্তু, শেষপর্যন্ত তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।
২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে কেকেআর ব্রিগেডের কাছে দুঃসংবাদ বয়ে আনল ভেঙ্কটেশের চোট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি কেরলের বিরুদ্ধে খেলতে নেমে তিনি মারাত্মক চোট পেয়েছেন। এই ম্যাচে মধ্যপ্রদেশের হয়ে তিনি ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ব্যাট করতে গিয়ে আচমকা তাঁর গোড়ালির হাড় ঘুরে যায়। ভেঙ্কটেশের এই অবস্থা দেখে তড়িঘড়ি মাঠে ফিজিও ডেকে পাঠানো হয়।
বেশ অনেকক্ষণ ধরেই ভেঙ্কটেশের চিকিৎসা চলে। কিন্তু, তিনি আর ব্যাট করার জন্য দাঁড়াতে পারেননি। শেষপর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এই পরিস্থিতিতে ভেঙ্কটেশের চোট ঠিক কতটা গুরুতর, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন। কারণ কলকাতা নাইট রাইডার্স এই অলরাউন্ডারের জন্য বড় বাজি ধরেছে।
২০২৫ আইপিএল টুর্নামেন্টে ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে আনতে কলকাতা নাইট রাইডার্স কার্যত জলের মতো টাকা খরচ করেছে। ভেঙ্কটেশের জন্য কেকেআর ২৩.৭৫ কোটি টাকা খরচ করে আবারও দলে ফিরিয়ে এনেছে। গত মরশুমে অবশ্য ভেঙ্কটেশের পারফরম্যান্স একেবারেই নজরকাড়া ছিল না। যদিও ফাইনাল ম্যাচে তিনি ২৬ বলে ৫২ রান করেছিলেন। সেইসঙ্গে খেতাব জয় করেছিল কেকেআর।