.jpg)
নজরকাড়া কামব্যাক করলেন বরুণ চক্রবর্তী
শেষ আপডেট: 3 March 2025 08:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করলেন। প্রসঙ্গত, রবিবারই (২ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ডেবিউ হয়েছিল। আর অভিষেক ম্যাচেই তিনি একটি অনন্য রেকর্ড কায়েম করেছেন।
কী সেই রেকর্ড? চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে কোনও ডেবিউট্যান্ট ক্রিকেটার হিসেবে বরুণ ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভাল পারফরম্যান্স করেছেন। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরুণ ৪২ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন। তার থেকেও বড় কথা, বরুণের নিখুঁত লাইন এবং লেংথের সামনে কিউয়ি ব্যাটারদের কার্যত দিশেহারা দেখায়। আসন্ন সেমিফাইনাল ম্যাচে বরুণ যে টিম ইন্ডিয়ার সবথেকে বড় ট্রাম্প কার্ড হতে চলেছেন তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত এই ম্যাচে টিম ইন্ডিয়া ৪৪ রানে জয়লাভ করেছে। ম্যাচের সেরা ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। কিন্তু যদি একটু অতীতের ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যায়, তাহলেই দেখা যাবে যে 'চক্কোত্তি'মশাইয়ের এই যাত্রাপথ একেবারে সহজ ছিল না। ২০২১ টি-২০ বিশ্বকাপে তিনি তিনটে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু, একটাও উইকেট শিকার করতে পারেননি। বরুণের এই পারফরম্যান্স নিয়ে সেইসময় যথেষ্ট সমালোচনার ঝড় উঠেছিল।
এরপর প্রায় ৩ বছর টিম ইন্ডিয়ার দরজা তাঁর সামনে কার্যত বন্ধ থাকে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টিম ইন্ডিয়ার সঙ্গে দুবাই আসেন। প্রথম দুটো ম্যাচ তাঁকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়। অবশেষে আসে সুযোগ। কেরিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই তিনি পাঁচ উইকেট শিকার করেন এবং ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন। বরুণের পারফরম্যান্স দেখে অজি ক্রিকেটারদের ঘুম যে ইতিমধ্যেই উড়ে গিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।