দ্য ওয়াল ব্যুরো: করোনাতঙ্কে কাঁপছে টোকিও। একেবারে সন্ধিক্ষণ এসে হাজির, অলিম্পিকের পর্দা ওঠার। তার আগে আর কিছু নেই, ফাইনাল বাঁশি বাজার অপেক্ষা। কিন্তু এই মারণভাইরাস এমন করে ডালপালা ছড়িয়েছে নিস্তার নেই কারোরই।
করোনার ভয়েই শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও ধাক্কা খেতে চলেছে। বহু ভারতীয় অ্যাথলিট সরে দাঁড়িয়েছেন মার্চ পাস্ট থেকে। শুধু ভারত নয়, বাকি দেশগুলিও মার্চপাস্টে বেশি জমায়েত করছে না। ইংল্যান্ড কাউকেই উদ্বোধনী অনুষ্ঠানে পাঠাবে না, জানিয়ে দিয়েছে। ১২৭ জনের টিম নিয়ে অলিম্পিক গিয়েছে ভারত। যার মধ্যে মাত্র ২২জন অ্যাথলিটকে দেখা যাবে টোকিও গেমসের অনুষ্ঠানিক উদ্বোধনে, থাকবেন ৬ কর্তাও।
বুধবার পর্যন্ত যদি হিসেব ধরা হয়, ১১৬৯ জন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন টোকিওতে। জানুয়ারির পর এই প্রথম এত বড় সংখ্যা করোনার কবলে পড়েছে টোকিওতে। যা তীব্র উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর তাই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় টিমকে।
বৃহস্পতিবার শেফ দ্য মিশন ও বিভিন্ন ইভেন্টের কোচদের নিয়ে বৈঠকে বসেছিলেন অলিম্পিক কমিটির প্রধান নরিন্দর বাত্রা। সংক্রমণ ও ইভেন্ট মাথায় রেখে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র ২২ জন অ্যাথলিটকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।
https://twitter.com/rajeevmehtaioa/status/1418182604197490688
ডেপুটি শেফ দ্য মিশন প্রেম কুমার ভার্মা বলেছেন, ‘‘৬ জনের বেশি কর্তা যোগ দিতে পারবেন না উদ্বোধনী অনুষ্ঠানে। অ্যাথলিটদের ক্ষেত্রে সে রকম কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। কিন্তু পরিস্থিতি যে ভয়ঙ্কর, তা ভালই বুঝতে পারছি আমরা। আর তাই ওরা যাতে সংক্রমিত হয়ে না পড়ে সে কারণে ২২ জন অ্যাথলিটকে আমরা উদ্বোধনে যাওয়ার অনুমতি দিয়েছি।’’
আগের সূচী অনুযায়ী, মেরি কম ও মনপ্রীত সিংরাই পতাকা বইবেন উদ্বোধনে। কিন্তু পিভি সিন্ধুদের মতো তারকাদের থাকার সম্ভাবনা কম। যত দূর জানা যাচ্ছে, হকি, জিমন্যাস্টিকস, সাঁতার, সেলিং থেকে ১জন করে অ্যাথলিট থাকবেন। বক্সিং থেকে ৮, টেবল টেনিস থেকে ৪, রোয়িং থেকে ২। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় থাকতে পারেন সূচনা অনুষ্ঠানে।
সবথেকে ভয়ের বিষয় হল, বৃহস্পতিবার পর্যন্তই করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩২ জন অ্যাথলিট, যেটি আয়োজকদের কাছেই চিন্তার বিষয় হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভালয় ভালয় শেষ হবে তো টোকিও গেমস?