1.png)
হিমাংশু জাখর
শেষ আপডেট: 19 April 2025 19:02
সৌদিতে ইতিহাস এই তরুণের, মনে করাচ্ছেন নীরজকে
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সাফল্য হাতে গোনা। সেই কবে নরম্যান প্রিচার্ড অলিম্পিক্স থেকে পদক এনেছিলেন। প্রিচার্ড অবশ্য ছিলেন আদতে ব্রিটিশ। এরপর মিলখা সিং ও পিটি ঊষা চতুর্থ হয়ে পদকের দ্বারপ্রান্ত থেকে ফিরেছেন। অলম্পিক্সে ভারতের একমাত্র ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া। দু’টি অলিম্পিক্স পদক রয়েছে তাঁর ঝুলিতে। নীরজের পর ভারত আবার স্বপ্ন দেখতে শুরু করেছে আরও এক জ্যাভলারকে নিয়ে।
সৌদি আরবের (Saudi Arabia) দাম্মামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০২৫-এর (Asian U-18 Athletics Championship) শেষ দিনে ভারত চারটি পদক জিতে নিয়েছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল পুরুষদের জ্যাভলিন ইভেন্টে (Javelin) হিমাংশু জাখরের (Himanshu Jakhar) ঐতিহাসিক সোনা জয়। এশিয়ান অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের জ্যাভলিনে এটাই ভারতের প্রথম সোনা। তাঁর এই কৃতিত্ব দেখে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে নীরজ (Neeraj Chopra) হয়ে উঠতে পারেন হিমাংশু।
হিমাংশুর জ্যাভেলিনে সোনা জিতেছেন বাকিদের ধরাছোঁয়ার বাইরে রেখে। তাঁর প্রথম থ্রোই ছিল ৬৭.৫৭ মিটার, যা তাঁর ব্যক্তিগত সেরা ৭৪.৫৬ মিটারের তুলনায় কম হলেও সোনা জয়ের জন্য যথেষ্ট ছিল। এই দূরত্বের মাধ্যমে তিনি অন্য প্রতিযোগীদের পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন। হিমাংশুর এই জয় শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্বই নয়, ভারতীয় অ্যাথলেটিক্সের জন্যও একটি মাইলফলক।
শেষ দিনে ভারত আরও তিনটি পদক জিতেছে। দেবক ভূষণ পুরুষদের হাই জাম্পে ২.০৩ মিটার লাফিয়ে রুপো জিতেছেন। এই বিভাগে সোনা পেয়েছেন কুয়েতের মহম্মদ আলদুয়াইজ (২.০৫ মিটার)। এছাড়াও মহিলাদের ২০০ মিটারে ২২.৪১ সেকেন্ডে দৌড়ে ব্রোঞ্জ জিতে নিজের দ্বিতীয় পদক নিশ্চিত করেন আরতি। এর আগে তিনি ১০০ মিটারেও ব্রোঞ্জ জিতেছিলেন। পুরুষদের মেডলে রিলে ইভেন্টে চিরন্ত পি, সায়েদ সাবির, সাকেত মিনজ এবং কাদির খান ১:৫২.১৫ সেকেন্ডে দৌড়ে রুপো জিতেছেন।
এবারের চ্যাম্পিয়নশিপে ভারত মোট ১১টি পদক জিতেছে, যার মধ্যে রয়েছে ১টি সোনা, ৫টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। হিমাংশু জাখরের সোনা ছাড়াও, নীতীন গুপ্তা (৫০০০ মিটার রেস ওয়াক), তন্নু (মহিলাদের ৪০০ মিটার), নিশ্চয় (শট পুট) এবং পুরুষদের মেডলে রিলে দল রুপো জিতেছেন। ব্রোঞ্জ জয়ীদের মধ্যে রয়েছেন নিশ্চয় (ডিসকাস থ্রো), আরতি (১০০ মিটার ও ২০০ মিটার)।