
শেষ আপডেট: 2 December 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পের সকালে নিউজিল্যান্ডকেই কাঁপিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে স্পিনার তাইজুল ইসলাম। যিনি প্রায় একাই ছয় উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন। গোটা ম্যাচে দশ উইকেট, আর কিউইদের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে তাইজুলের ছয় উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যে কারণে তিনি ম্যাচের সেরা হয়েছেন প্রত্যাশিতভাবেই।
গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। কিউইদের ঘরের মাঠে টেস্ট জয়ের কৃতিত্ব দেখালেও নিজেদের ঘরের মাঠে এতদিন আসেনি। সেইসময়ও হাজির এবার। ঐতিহাসিক সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় চতুর্থ দিন শেষ করেছিল নাজমুল হোসেন শান্তর দল। পঞ্চম দিন প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট। সেটিও নিয়েছেন ৩১ বছরের তাইজুল।
যিনি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, ‘আমার আজ হাওয়ায় ভেসে বেড়াতে ইচ্ছে করছে। বড় দলকে হারানোর মতো মজা নেই। নিজের মনে সুন্দর একটা তৃপ্তিবোধ আসে। আমি যে দলকে জেতাতে পেরেছি, সেটাই আসল বিষয়। আরও ভাল খেলতে চাই।’
শনিবার সকালে সিলেটের লাক্কাতুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই মাহেন্দ্রক্ষণ আসতে খুব বেশি সময় লাগেনি। প্রথমে বড় বাধা হয়ে থাকা ড্যারিল মিচেলকে ফেরালেন নাইম হাসান। এরপর টিম সাউদিকে ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন তাইজুল ইসলাম। শেষ উইকেট হিসেবে ইশ সোধিকে ফিরিয়ে দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারানোর গৌরব অর্জন করেছে বাংলাদেশ।
২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বড় দলকে হারানোর অভিজ্ঞতা হয়েছিলো গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে। ঘরের মাঠে ২০১৭ সালের পর এই প্রথম বড় কোনও দলের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ।
দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত স্থিতধী মানুষ। শাকিব নেই বলে তিনি দলের অধিনায়ক হয়েছেন। যোগ্যের হাতেই দলের দায়িত্বভার গিয়েছে বোঝা গিয়েছে। শান্ত বলেছেন, ‘এই জয় আমাদের টিমগেমের জয়। সবাই কোনও না কোনওভাবে অবদান রেখেছে বলেই এই জয় এসেছে। নিউজিল্যান্ডের মতো বড় দলকে হারানো আর যাইহোক ফ্লুকে নয়, সেটি সবাই অন্তত বুঝবেন।’