আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ জয়ে ইতিহাস গড়া ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশেষ সম্মান জানাল টাটা মোটরস। প্রত্যেক সদস্যকে উপহার দেওয়া হল সিয়েরার টপ মডেল।

টাটা সিয়েরা গিফট করল টাটা
শেষ আপডেট: 16 December 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women’s Cricket Team) সকলকে বিশেষ সম্মান জানাল টাটা মোটরস (Tata Motors)। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women’s World Cup 2025) জয়ের জন্য বিশ্বজয়ী প্রত্যেক ক্রিকেটারকে উপহার দেওয়া হল সদ্য লঞ্চ হওয়া টাটা সিয়েরা (Tata Sierra)। দেশের ক্রীড়াক্ষেত্রে এই ঐতিহাসিক কৃতিত্বকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে।
বিশ্বকাপজয়ী গোটা স্কোয়াডকে নিয়ে আয়োজিত হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সেখানেই এক ফ্রেমে ধরা পড়েন টাটা সন্সের (Tata Sons) চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন (N. Chandrasekaran), টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেডের (Tata Motors Passenger Vehicles Ltd – TMPVL) ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শৈলেশ চন্দ্র (Shailesh Chandra) এবং ভারতের বিশ্বজয়ী ক্রিকেটাররা। সেই অনুষ্ঠানেই খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় নতুন প্রজন্মের টাটা সিয়েরা।
টাটা মোটরস এনিয়ে আগেই ঘোষণা করেছিল, বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যকে তাঁদের পছন্দমতো একটি করে টাটা সিয়েরা উপহার দেওয়া হবে। সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, “দলের প্রত্যেক সদস্যকে সিয়েরার টপ-এন্ড মডেল দেওয়া হবে। তাঁদের অদম্য মানসিকতা, অসামান্য পারফরম্যান্স এবং দেশের জন্য যে ত্যাগ ও অবদান, তারই স্বীকৃতি হিসেবে এই সম্মান।”
আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এ ভারতের এই জয় বহু প্রতীক্ষিত। ২ নভেম্বর, মুম্বইয়ে আয়োজিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৫২ রানে হারিয়ে ট্রফি ঘরে তোলে ভারত। ঘরের মাঠে উপচে পড়া দর্শকের সামনে এই জয় যেন আরও আবেগঘন হয়ে ওঠে। ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন শেফালি ভার্মা (Shafali Verma)। তাঁর ঝকঝকে ৮৭ রানের ইনিংসই ভারতের বড় রানের ভিত গড়ে দেয়। অন্যদিকে বল হাতে একেবারে বিধ্বংসী দীপ্তি শর্মা (Deepti Sharma)। পাঁচ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ কার্যত গুঁড়িয়ে দেন তিনি।
এই জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাসে নাম লেখান অধিনায়ক হরমনপ্রীত কউরও (Harmanpreet Kaur)। তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ ট্রফি তুললেন। এর আগে এই কৃতিত্ব ছিল কপিল দেব (Kapil Dev, ১৯৮৩) এবং মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni, ২০১১)। ফলে মহিলা ক্রিকেটে ভারতের এই সাফল্য শুধু একটা ট্রফি জয় নয়, বরং গোটা দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়।
দীর্ঘদিন ধরে মহিলা ক্রিকেট যে লড়াই, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ভিতর দিয়ে এগিয়েছে, টাটা মোটরসের এই সম্মান তাঁদের প্রাপ্য।