1.png)
গ্লেন মার্টিন্স
শেষ আপডেট: 22 April 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে কলিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025)। কলকাতার তিন প্রধান এই টুর্নামেন্টে খেললেও প্রথম ম্যাচেই হেরে প্রতিযোগিতার বাইরে মশালবাহিনী। এখনও অভিযান শুরু করেনি ময়দানের বাকি দুই প্রধান মোহনবাগান ও মহামেডান।
চার্চিল ব্রাদার্স টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় মোহনবাগান (Mohonbagan SG) সরাসরি নামবে শেষ আটের (Quarterfianl) ম্যাচে। সেখানে তাদের প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে হারানো কেরালা ব্লাস্টার্স (Kerala Blusters)। তবে সুপার কাপে তারকাদের নামাবে না গঙ্গা পাড়ের ক্লাব। পরের বছরের জন্য রিজার্ভ বেঞ্চ (Reserve Bench) তৈরি করার লক্ষ্যে তারা জুনিয়রদের খেলাবে।
বিদেশিদের মধ্যে থাকছেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রুইজ। এএফসি কাপের জন্য ম্যাকলরেনের প্রাক্তন এই সতীর্থকে সই করিয়েছিল মেরিনার্স। কিন্তু এএফসি কাপের ম্যাচ খেলতে ইরানে না যাওয়ার জন্য মোহনবাগানকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছিল। ফলে নুনোর গায়ে আর সবুজ-মেরুন জার্সি ওঠেনি।
সুপার কাপে নামার আগে অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাগান। দলের প্রধান কোচ মোলিনা সুপার কাপে যাচ্ছেন না। দলের সঙ্গে যাচ্ছেন সহকারী কোচ বাস্তুব রায় (Bastob Roy)। পাশাপাশি অসুস্থতা কাটিয়ে আরেক সহকারি কোচ ডেগি কার্ডোজো (Degi Kardoja) যোগ দিয়েছেন মোহনবাগান অনুশীলনে। পাশাপাশি বহুদিন পর সোমবার পুরোদমে অনুশীলন করেছেন চোট সারিয়ে ওঠা মিডিও গ্লেন মার্টিন্স (Glenn Martins)।
তবে মোহনবাগান অনুশীলন দেখে এটা পরিষ্কার যে কামিন্স, দিমিত্রি, ম্যাকলরেন, স্টুয়ার্ট, অলড্রেডের মতো বিদেশিদের পাশাপাশি শুভাশিস, বিশালদের ছাড়াই সুপার কাপে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। এটা একটা বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে সুহেল ভাটের মতো তরুণ প্রজন্মদের কাছে।