
ইতালিকে হারাল সুইৎজারল্যান্ড
শেষ আপডেট: 29 June 2024 23:18
দ্য ওয়াল ব্যুরো: ফিফা র্যাঙ্কিংয়ে ইতালির থেকে ৯ ধাপ পিছনে আছে তারা। কিন্তু এই ম্যাচ দেখে মনে হবে তাদের থেকে অনেক ধাপ এগিয়ে। ইউরো কাপের প্রি-কোয়ার্টারের প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিল সুইৎজারল্যান্ড। দু'বারের ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল লাল জার্সিধারীরা। বিদায় হল ডোনারুম্মাদের।
একটি ফুটবল ম্যাচকে কয়েকভাগে ভাগ করা হলে তার সবকটিতেই এই ম্যাচে এগিয়ে ছিল সুইৎজারল্যান্ড। বল পজিশন থেকে শুরু করে পাসিং, গোলমুখী শট সবেতে ইতালিকে টেক্কা দিয়েছে তারা। ম্যাচের বেশিরভাগ সময়ে মনেই হয়নি ইতালি অ্যাডভান্টেজে রয়েছে। বরং সুইৎজারল্যান্ডের ম্যাচ জেতার তাগিদ অনেক বেশি বলেই মনে হচ্ছিল প্রথম থেকে।
প্রথম ৩০ মিনিটেই এগিয়ে যেতে পারত সুইৎজারল্যান্ড। কিন্তু একা গোলকিপারকে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তাদের ফুটবলার। তবে অল্প সময় পরেই ৩৭ মিনিটে দুরন্ত গোল করেন রেমো রেউলার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে শেষ করেন তারা।
দ্বিতীয়ার্ধের শুরুটা স্বপ্নের মতো করেছিল সুইৎজারল্যান্ড। সেন্টার থেকে ইতালি সবে খেলা শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে বল নিজেদের দখলে নেয় তারা। তারপর গোলের দিকে উঠে কয়েকটি পাস খেলেই দুরন্ত শট। তাতেই গোল করেন রুবেন ভারগাস। ম্যাচের বয়স তখন ৪৬ মিনিট। এরপর একাধিকবার আক্রমণে ওঠে ইতালি। কিন্তু কাজের কাজ করতে পারেনি। মাঝে একবার তাদের একটি বল বারেও লাগে। সেখানে ২-১ হয়ে গেলেও হয়তো ম্যাচ রঙ কিছুটা বদলাতে পারত। কিন্তু তা হয়নি।