দ্য ওয়াল ব্যুরো: লাল হলুদ সমর্থকদের বিদ্রোহ বড় আকার ধারণ করছে। তারা বুধবার তাঁবুতে ধর্ণায় বসবে। বেনজির ডামাডোলে বিদ্ধ ইস্টবেঙ্গল। কর্মকর্তাদের সঙ্গে লগ্নিকারী সংস্থার টানাপোড়েনে শতাব্দী প্রাচীন ক্লাবকে হয়ত এবার আইএসএল বা কলকাতা লিগেই দেখতে পাওয়া যাবে না। এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতেই এবার সমর্থকরা সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে।
গত বছরই নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্লাব এবং বিনিয়োগকারী শ্রী সিমেন্টের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ভিত্তিতেই ৫০ কোটি টাকার দল গড়ে শ্রী সিমেন্ট আইএসএলে ইস্টবেঙ্গলকে নামায়।
তবে মূল চুক্তিপত্র নিয়েই সমস্যার সূত্রপাত। একাধিক বিষয় নিয়ে ক্লাবের আপত্তির পরে শ্রী সিমেন্টের কাছে পরিমার্জিত চুক্তিপত্র পাঠানোর দাবি জানানো হয়। তবে সংশোধিত চুক্তিতেও নাকি পরিমার্জনের বদলে আরো আগ্রাসী সমস্ত বিষয় উত্থাপন করা হয় বলে দাবি ক্লাবের শীর্ষ কর্তাদের। তারপরেই চলতি সপ্তাহে ক্লাবে কার্যকরী কমিটির সভায় সদস্যরা জানিয়ে দেন, চুক্তিপত্রে ক্লাবের সম্মানহানি করে সই করবেন না তাঁরা।
সব থেকে বড় কথা, লাল হলুদ প্রশাসনের তরফেও ময়দানে পোস্টার, ব্যানার টাঙানো হয়েছে। ক্লাব কর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে প্রহৃত হন ইবিআরপি-র সদস্য রবিশঙ্কর সেন এবং ‘লাল হলুদ পৃথিবী’-র প্রশান্ত গুপ্ত। তারা আবার বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
রবিশঙ্কর সেন মৃত্যু হুমকি পাওয়ার পরই টুইট করে বাকিদের বিষয়টি অবহিত করেন। সেই টুইটের পরিপ্রেক্ষিতে আবার কোচ রবি ফাউলার লিখেছেন, “চরম হতাশার। তবে সত্যি কথা বলতে আমি মোটেই অবাক নই।”