
শেষ আপডেট: 14 January 2024 18:59
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলার হয়ে দাপট দেখাচ্ছেন মহম্মদ কাইফ। রঞ্জিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলা এখনও চালকের আসনে রয়েছে বোলারদের কারণেই।
বিশেষ করে শামির ভাই কাইফ এবারও বল হাতে জ্বলে উঠেছেন। তিনি তিন উইকেট নিয়েছেন। উত্তরপ্রদেশ দ্বিতীয় ইনিংসে দিনের শেষে চার উইকেট হারিয়ে করেছে ১৭৮ রান। তারা এগিয়ে রয়েছে ৫০ রানে।
বাংলার কাছে সোমবার ম্যাচের শেষদিন সরাসরি জয়ের সুযোগ থাকছে। যদি বাকি ছয় উইকেট দ্রুত ফেলে দিয়ে জয়ের রান তুলে দিতে পারে। কিন্তু কানপুরে সকাল থেকে যা কুয়াশার দাপট, তাতে খেলা কখন শুরু হবে সেটাই ঠিক নেই। রবিবারও খেলা শুরু হয়েছে প্রায় বেলা বারোটা নাগাদ। উইকেটে রয়েছেন দলের অধিনায়ক নীতিশ রাণা, যিনি আবার গতবার কেকেআর দলের নেতা ছিলেন। রাণা ৪৩ বলে ৪৭ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গী অক্সদীপ নাথ (১১)।
বাংলার বোলারদের মধ্যে শামির ভাই কাইফ পেলেন তিন উইকেট। এক উইকেট নিয়েছেন বাংলার হয়ে এ ম্যাচে অভিষেক হওয়া সুরজ সিন্ধু জয়সোয়াল। গত ইনিংসেও সুরজের ঝুলিতে ছিল তিন উইকেট। আর ১৪ রানে চার উইকেট নিয়েছেন পেসার কাইফ। এবারও শেষদিনে তাঁরা রুদ্রমূর্তি ধারণ করলে বাংলার এ ম্যাচ থেকে সাত পয়েন্ট পাওয়া সম্ভব হতে পারে।
বাংলা অবশ্য প্রথম ইনিংসে লিড নিয়েছে বলে তিন পয়েন্ট নিশ্চিত। উত্তরপ্রদেশকে প্রথম ইনিংসে ৬০ রানে শেষ করে দেওয়াই এ ম্যাচের টার্নিং পয়েন্ট। পেস সহায়ক সবুজ উইকেটে বাংলাও প্রথম ইনিংসে ভাল রান তুলতে পারেনি। তারা শেষ হয়ে গিয়েছিল ১৮৮ রানে। মূলত ভারতের প্রাক্তন নামী পেসার ভুবনেশ্বর কুমারের দুরন্ত বোলিংয়ে বাংলা তছনছ হয়ে গিয়েছিল। ভুবি নিয়েছিলেন ৪১ রানে আট উইকেট। যদিও এ ম্যাচে ভুবির দল এই মুহূর্তে ঘরের মাঠে হার বাঁচাতে লড়ছে।