
শেষ আপডেট: 3 May 2024 21:54
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খান মজা করে কেকেআর দলের সুপারম্যান বলেছিলেন সুনীল নারিনকে। সেই নারিন এবার ওপেন করতে নেমে রান পেলেন না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নারিন আট রান করে বিদায় নিলেন। সঙ্গী ওপেনার ফিল সল্ট পাঁচ রান করে আউট হয়ে গিয়েছেন।
একটা সময় কেকেআর দলের ৫৭ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। ওভার মাত্র ছয় ওভার হয়েছিল তখন। যে ম্যাচগুলিতে ছয় ওভারের পাওয়ার প্লেতে নাইটদের রান উঠেছে একশর বেশি। এই ম্যাচে সেটাই পারলেন না শ্রেয়সরা। এমনকী রিঙ্কুও নয় রানের বেশি করতে পারেননি। তিনি ভাল খেললে নির্বাচকরা মাথার চুল ছিড়তেন। কিন্তু ফিরে গেলেন পীষূস চাওলার বলে কট অ্যান্ড বোল্ড আউট হয়ে।
সেই অবস্থা থেকে কেকেআরকে টানলেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি শেষমেশ করেছেন ৫২ বলে ৭০ রান। ওপরের সারিদের তো বটেই, ভেঙ্কি সাহায্য পেলেন না শেষে নামা আন্দ্রে রাসেল (৭), রামনদীপ সিং (২) ও মিচেল স্টার্কদেরও (০)। কলকাতা শেষ ১৬৯ রানেই। রোহিত শর্মা নামলেন আজ ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে একজন বিশেষজ্ঞ বোলারের বদলে।
অঙ্গকৃষ রঘুবংশী (১৩) ফিরে যাওয়ার পরে দলনেতা শ্রেয়স (৬) ফিরলেন থুসারার বলে। শ্রীলঙ্কার এই পেসার তিন উইকেট নিয়েছেন প্রথম স্পেলে। বুমরা শুরুতে ছন্দে ছিলেন না। তারপর তিনটি উইকেট তুলে নিয়েছেন।
নাইটদের এই অবস্থা থেকে উদ্ধার করেছেন অভিজ্ঞ তারকা ভেঙ্কটেশ আইয়ার। যিনি গত ম্যাচের পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ব্যাটিং পরামর্শ নিয়েছিলেন। সৌরভ দেখিয়েছিলেন পেসারদের বিরুদ্ধে বডি ও পায়ের মুভমেন্ট কেমন হওয়া উচিত। সেটা কাজে লাগালেন ইন্দোরের ২৯ বছরের বাঁহাতি ব্যাটার।
ভেঙ্কির সঙ্গে জুটি বেঁধে খেলছিলেন সাত নম্বরে নামা মণীশ পাণ্ডে (৩১ বলে ৪২)। ইনিংসে রয়েছে দুটি চার ও দুটি ছক্কা। তবে কেকেআর ইনিংস শেষে নায়ক ভেঙ্কি, তিনি মেরেছেন ছয়টি চার ও তিনটি ছয়।