
বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে নাচতে দেখা গেল সানি ও ভিশিকে।
শেষ আপডেট: 13 May 2024 20:06
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল প্রায় শেষের মুখে। তার মধ্যে ভারতের দুই প্রাক্তন মহাতারকা সুনীল গাভাসকর ও গুন্ডাপ্পা বিশ্বনাথকে দেখা গিয়েছে খোশমেজাজে। দুই মহারথীকে একটি গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে।
চলতি আইপিএলে চুটিয়ে ধারাভাষ্য দিচ্ছেন গাভাসকর। তিনি প্রায় সব ম্যাচেই ধারাভাষ্যকারের ভূমিকায় অবতির্ণ। কিন্তু বিশ্বনাথ একেবারে প্রচারের আড়ালে। তিনি এই মুহূর্তে মাঠেও আসেন না। ভারতের প্রাক্তন এই ধ্রুপদী তারকার ব্যাটিং মানেই ছিল বিনোদন। তিনি খেলতেন কবজির মোচড়ে। বিশ্বনাথ ক্রিকেটের ধারাভাষ্য দেন না, তিনি ম্যাচ বিশ্লেষণও করেন না। একটা সময় জাতীয় দলের নির্বাচক ছিলেন। তারপর থেকে তিনি বাড়িতেই সময় কাটান।
বিশ্বনাথের শহর বেঙ্গালুরুতে আইপিএলের এতগুলি ম্যাচ হয়ে গেল, অথচ ভিশি নেই। তিনি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। সম্প্রতি বিশ্বনাথের পুত্র দ্বৈবিকের বিয়ে হয়ে গেল গ্রিসে। তিনি বড় পদে আসিন ইউরোপের দেশেই।
Wedding reception of Gundappa Vishwanath's son Daivik, a couple of days ago in Bangalore. The wedding had taken place in Greece, it is believed. It's great to see the legends and brothers-in-law, Vishy and Sunny shake a leg with the family. #legends #marriage #Dance pic.twitter.com/micOnyhIP6
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) May 11, 2024
বিদেশে বিয়ে হলেও বেঙ্গালুরুতে নিজ বাড়িতে বিশাল একটা পার্টির আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে গুটিকয়েক ভিআইপি-দের দেখা গিয়েছে। বিশ্বনাথ হলেন গাভাসকরের ভায়রা। দু’জনের মধ্যে পারিবারিক সম্পর্ক অটুট রয়েছে। তাই ভিশির ছেলের বিয়েতে স্বাভাবিকভাবে সানিও গিয়েছিলেন।
ওই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল সাইটে দ্রুত ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, একটি হিন্দি গানের সঙ্গে কোমর দোলাচ্ছেন সানি ও ভিশি। সবাই সেই মুহূর্ত উপভোগ করছেন। সানি এসবে অভ্যস্ত হলেও মিতভাষী বিশ্বনাথ এই জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন। তাই সবাই অবাক হয়ে গিয়েছেন ভিশিকে নাচতে দেখে।