
রোহিত শর্মা ও বিরাট কোহলি।
শেষ আপডেট: 19 August 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: দলীপ ট্রফিতে খেলবেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই নিয়ে প্রশ্নও উঠছে। যেখানে ভারতের বহু তারকাকে নির্দেশ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক সূচীর বাইরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচও খেলতে হবে তাঁদের। সেই পরিস্থিতিতে দলীপের চারটি দলের মধ্যে রাখা হয়নি ভারতের দুই সিনিয়র ক্রিকেটারকে।
কেন একই যাত্রায় পৃথক ফল? কেনই বা রাখা হল না ভারতের দুই মহানক্ষত্রকে। যেখানে ওয়ান ডে ম্যাচের সংখ্যা সারা বছরে হাতেগোনা। তাঁরা দু’জনেই টি ২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই কারণেই বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে না। এই নিয়ে বোর্ড সচিব জয় শাহকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যুক্তি দেখিয়েছেন, বিরাট ও রোহিত দু’জন সিনিয়র ক্রিকেটার দলীপের ম্যাচ খেললে চোট পাওয়ার প্রবণতা বাড়বে। সেই কারণেই তাঁদের দলে রাখা হয়নি।
এই যুক্তি প্রসঙ্গে সুনীল গাভাসকার বলেছেন, এটা সঠিক কথা নয়, কারণ ওই দুই সিনিয়র ক্রিকেটার তো টি ২০ ম্যাচ থেকে অবসর নিয়ে ফেলেছেন। ওয়ান ডে বিশ্বকাপের লক্ষ্যে এখন থেকে যতবেশি ম্যাচ খেলবে তত ভাল। কারণ সারাবছরে টেস্টই বেশি খেলবে দল। বয়স যত বাড়ে, আরও বেশি ম্যাচ খেলা প্রয়োজন। জানি না কেন ওঁদের দলীপের দলে রাখা হল না।
মহম্মদ সামি নিয়ে অবশ্য বোর্ড সচিব জানিয়েছেন, তাঁরা আগামী বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেই শামিকে বিবেচনার মধ্যে রাখবেন। এমনকী দলীপের দলে শ্রেয়স, লোকেশ রাহুল, ঈশান কিষানসহ বাকি তারকাদেরও রাখা হয়েছে।