
শেষ আপডেট: 17 November 2023 17:25
দ্য ওয়াল ব্যুরো: এশিয়াকাপের ফাইনালে ভারতের কাছে লজ্জাজনক হারের পর বিশ্বকাপেও ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। ৯টি ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিততে পেরেছেন তাঁরা। যার ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি লঙ্কাবাহিনী। এরমধ্যে জাতীয় দলে রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের অভিযোগ ওঠায় তাঁদের নির্বাসিত করেছে আইসিসি। এই প্রেক্ষিতেই সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা।
প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারের দাবি, তাঁদের দেশের ক্রিকেটকে ধ্বংসের নেপথ্যে কলকাঠি নাড়ছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। প্রভাবশালী বাবার সাহায্যেই ক্রিকেট দুনিয়ায় তিনি নিজের প্রভাব বিস্তার করছেন, এমনকী শ্রীলঙ্কার ক্রিকেটকেও জয় নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ অর্জুনের। এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। এরপরই অর্জুনের বক্তব্যের প্রেক্ষিতে জয় শাহ এবং বিসিসিআইয়ের কাছে ক্ষমা চায় শ্রীলঙ্কা সরকার।
ঠিক কী বলেছেন রণতুঙ্গা?
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বলেছেন, “জয় শাহ এমন একজন, যাঁর সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সুসম্পর্ক রয়েছে। তাই উনি চাইলেই আমাদের দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিতে পারেন। আবার আপনি যদি এসব কথা বাইরে প্রকাশ করেন, তাহলে জয় তাঁর বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বে। বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওঁর এত ক্ষমতা।” অর্জুনের এহেন মন্তব্যের পরই শোরগোল শুরু হয়। যদিও অর্জুন নিজে আর কিছু বলেননি।
Cricket Crisis : Sri Lankan Govt expresses regret to ACC chairman @JayShah "We cannot point hands at the ACC President or other countries for the shortcomings of our institutions. It is a wrong assumption” Minister Kanchana https://t.co/dw8ByVzYyc
— NewsWire ???????? (@NewsWireLK) November 17, 2023
যদিও এর কয়েকদিনের মধ্যেই শুক্রবার অর্জুনের মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। সেখানে বলা হয়েছে, “"শ্রীলঙ্কা সরকার এসিসি চেয়ারম্যান জয় শাহর কাছে দুঃখপ্রকাশ করছে। আমরা আমাদের ত্রুটিবিচ্যুতির জন্য এসিসি সভাপতি বা অন্যান্য দেশের দিকে হাত তুলতে পারি না। এটা একটা ভুল অনুমান।” তবে এই ক্ষমাপ্রার্থনায় বরফ গলবে কিনা, এখন সেটাই দেখার বিষয়।