দ্য ওয়াল ব্যুরো : আইপিএল শুরুর আগেই প্রতিটি ফ্রাঞ্চাইজি দলগুলিকে লিখিত নির্দেশাবলি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে বিশেষ যে আলোচ্য বিষয়টি ছিল, তা হচ্ছে ক্রিকেটাররা যেন বলের সিমে লালা ব্যবহার না করেন। কারণ করোনাভাইরাস মুখের লালা দিয়ে সংক্রামিত হয়।
এমনকি আইসিসি-ও এই বিষয়ে খুবই কড়া। তারাও বলে দিয়েছে, কোনও ক্রিকেটার যদি এমন করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বড়সড় শাস্তি হতে পারে। কিন্তু আইপিএলের ম্যাচে এটি বেমালুম ভুলে গেছেন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রবিন উত্থাপা। আগের অভ্যাসবশত তিনি কোনও ভ্রুক্ষেপ না করেই বলের সিমে লালা দিচ্ছেন। এটি ক্যামেরায় ধরাও হয়েছে। এই নিয়ে তুমুল আলোচনা চলছে আইপিএলে।
আইপিএল শুরুর আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাই জানিয়েছিলেন, চলতি আসরে ক্রিকেটারদের কোনও আচরণে টুর্নামেন্টের না ক্ষতি হয়ে যায়। কারণ আইসিসি এই বিষয়ে খুবই কঠোর।
বুধবার রাতে দুবাইতে কেকেআরের বিপক্ষে ৩৭ রানে হেরে প্রথম হারের স্বাদ পেল রাজস্থান। এই ম্যাচেই বড় ভুল করেছেন নামী এই ক্রিকেটার। কলকাতার ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলের ঘটনা। জয়দেব উনাদকাটের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন কলকাতা ওপেনার সুনীল নারিন। কিন্তু সহজ সেই ক্যাচ ধরতে পারেননি মিড অনে দাঁড়ানো উত্থাপা।
সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পরে বলটি হাতে নিয়ে ঘষতে থাকেন তিনি। তখনই মুখ থেকে লালা নিয়ে বলের সিমেও লাগান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। সোশ্যাল সাইটে ধরা পড়েছে এই ভিডিও। আইপিএল কর্তৃপক্ষ যদিও এখনও সতর্ক করেনি তাঁকে। কিন্তু আইসিসি আধিকারিকরা হয়তো দেখছেন বিসিসিআই কোনও পদক্ষেপ নেয় কিনা, তারপর তারাও লিখিত বিবৃতি দিতে পারে।
কেননা আইসিসির লালা সম্পর্কিত নিয়মে বলা হয়েছে, ‘‘বলের উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহার করতে পারবেন না ক্রিকেটাররা। কোনও খেলোয়াড় যদি বলে লালার ব্যবহার করে ফেলে, তাহলে প্রাথমিকভাবে আম্পায়াররা স্যানিটাইজারের মাধ্যমে বলটি জীবাণুমুক্ত করবেন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে পুরো দলকে সতর্কবার্তা দেওয়া হবে। এর বেশি হলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে।’’
এই পাঁচ রানের পেনাল্টি পেতে হয়নি স্মিথের দলকে। কেননা বাকি ক্রিকেটাররা ওই ভুলের রাস্তায় যাননি। যদিও উত্থাপাকে সতর্ক করা হবে, এটি পরিষ্কার। এবং পরবর্তীকালে তিনি আবারও ওই ভুল করেন, সেক্ষেত্রে তাঁকে টুর্নামেন্ট থেকেই বাতিল করে দেওয়া হবে। প্রসঙ্গত, চলতি আইপিএলে অবশ্য উত্থাপার ব্যাটে রান নেই, রান করেছেন মোট ১৬, তিনটি ম্যাচে।