দ্য ওয়াল ব্যুরো: এখনও স্মৃতিপটে জাগ্রত রয়েছে ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনের ঘটনা। তিনি ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে গিয়েই মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি ফিরেছিলেন মৃত্যু মুখ থেকে। তার মধ্যেই আরও একটি ঘটনা ঘটল অ্যান্টিগায়। এবার সেটি ঘটেছে ক্রিকেট মাঠে।
পরপর দু’জন ওয়েস্ট ইন্ডিয়ান মহিলা ক্রিকেটার মাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন। অ্যান্টিগায় ক্যারিবিয়ান মহিলা ক্রিকেটাররা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তান মেয়েদের সঙ্গে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।
এ পর্যন্ত সবই ঠিক ছিল। ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিংয়ের সময়ে হঠাৎ দেখা যায়, চিনেল হেনরি নামে এক ক্যারিবিয়ান ক্রিকেটার মাটিতে লুটিয়ে পড়েছেন। প্রথমে তার খিঁচুনি দেখা দেয়, এরপর জ্ঞানই হারিয়ে ফেলেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘটনাটি ঘটে যায়।
সবাই একটু অবাকই হয়ে যান এ ঘটনায়। ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটাররা সবাই তাঁকে ঘিরে থাকেন। হঠাৎ কেন জ্ঞান হারালেন, সেটাই বুঝে উঠতে পারছিলেন না কেউ। মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে। খুব বেশি লাভ হয়নি তাতে। পরে স্ট্রেচারে করে চিনেল হেনরিকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে সোজা হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।
https://twitter.com/iamqadirkhawaja/status/1411052833617715201
এ ঘটনার ঠিক পরই তুমুল বৃষ্টি নামে। যার কারণে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। সে সময়ে ক্রিকেটাররা সবাই মাঠের বাইরে চলে যাচ্ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার এবং চিনেল হেনরির খুব কাছের বন্ধু চিডিয়ান নেশনও ড্রেসিংরুমের ঠিক বাইরে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়। চিডিয়ান নেশনকেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, দু’জনেরই জ্ঞান ফিরেছে। আগের চেয়ে তারা ভাল বোধ করছেন, কিন্তু তাঁদের ঠিক কী হয়েছিল, সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে দুই বন্ধুর পরপর এভাবে অজ্ঞান হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যান্টিগার ক্রিকেট মাঠে।
দুই ক্রিকেটারের এভাবে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনার পর অবশ্য ওয়েস্ট ইন্ডিজ শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। এর প্রথম কারণ, তাদের দু’জনই আগের চেয়ে ভাল রয়েছেন। দ্বিতীয় কারণটি হল, ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানের বিরুদ্ধে ৭ রানে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও দুই সতীর্থকে নিয়ে এখনও আতঙ্কে দলের বাকি মেয়েরা।