দ্য ওয়াল ব্যুরোঃ টি ২০ ক্রিকেটে অনন্য নজির গড়লেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান ক্রিকেটার শোয়েব মালিক। বর্তমানে টেস্ট ক্রিকেট আর খেলেন না মালিক। ওয়ান ডে ক্রিকেটেও কম দেখা যায় তাঁকে। কিন্তু টি ২০ ক্রিকেটে এখনও ধারাবাহিক ভাবে খেলতে দেখা যায় শোয়েবকে। আর প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মালিক হলেন শোয়েব। তাঁর এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী তথা ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।
শুধুমাত্র পাকিস্তানের হয়ে নয়, গোটা দুনিয়ায় যেখানে যেখানে টি ২০ লিগ হয়, সেখানেই খেলতে যান শোয়েব মালিক। বলা যেতে পারে একমাত্র আইপিএল ছাড়া সব টুর্নামেন্টেই খেলেন তিনি। বর্তমানে পাকিস্তানের ন্যাশনাল টি ২০ কাপে খাইবার পাখতুনখোয়া দলের হয়ে খেলছেন মালিক। তাদের হয়েই শনিবার বালোচিস্তানের বিরুদ্ধে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি।
এই ৭৪ রানের সুবাদেই প্রথম পাকিস্তানি তথা প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে টি ২০ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন শোয়েব মালিক। এই মুহূর্তে তাঁর রানের সংখ্যা ১০ হাজার ২৭। ৩৯৫ টি ২০ ম্যাচে ৩৭.৪১ গড়ে এই রান করেছেন তিনি। স্ট্রাইক রেটও মন্দ নয়, ১২৫.৭১। টি ২০ ক্রিকেটে ৬২টি হাফ সেঞ্চুরি করেছেন মালিক। কিন্তু সেঞ্চুরি এখনও করতে পারেননি। অবশ্য মিডল অর্ডার ক্রিকেটার হওয়ায় অনেক কম বল খেলার সুযোগ পান তিনি। তার জন্যই হয়তো সেঞ্চুরি করতে পারেননি তিনি।
শোয়েব মালিকের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাঁর স্ত্রী সানিয়া মির্জা। টুইটারে স্বামীর পরিশ্রম ও সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন তিনি। টুইটারে সানিয়া লেখেন, “ধৈর্য, অধ্যবসায়, কঠিন পরিশ্রম, ত্যাগ ও আত্মবিশ্বাস। শোয়েব তোমার জন্য গর্বিত।” তাঁকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট দুনিয়ার অনেক ব্যক্তিত্ব। শুভেচ্ছা জানানো হয়েছে আইসিসির তরফেও।
https://twitter.com/MirzaSania/status/1314986271463407617?s=19
টি ২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের মালিক ক্যারিবিয়ান তারকা ‘ইউনিভার্সাল বস’ ক্রিস গেইল। ৪০৪ টি ২০ ম্যাচে ১৩ হাজার ২৯৬ রান তাঁর। তারপরেই রয়েছেন আর এক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড। ৫১৮ ম্যাচে ১০ হাজার ৩৭০ রান করেছেন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলা এই ক্রিকেটার। বিশ্বে তিন নম্বরে রয়েছেন মালিক। তাঁর ১০ হাজার ২৭ রানের মধ্যে মাত্র ২৩৩৫ রান তিনি করেছে পাকিস্তানের জাতীয় দলের হয়ে। অর্থাৎ প্রায় ৮ হাজার রান তিনি করেছেন বিশ্বের বিভিন্ন জায়গায় টি ২০ লিগ খেলে।