দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তিদের ম্যাচ হতে চলেছে রায়পুরে। সেই খেলায় অংশ নেবেন শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা, মুথাইয়া মুরলীধরনরাও। এছাড়াও দেখা যাবে বীরেন্দ্র সেহওয়াগ, অজয় জাদেজাদেরও।
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে একটি প্রীতি ওয়ার্ল্ড সিরিজ হতে চলেছে রায়পুরে। এই টোয়েন্টি ২০ টুর্নামেন্ট চলবে ২-২১ মার্চ পর্যন্ত। রায়পুরের নবনির্মিত স্টেডিয়ামে টুর্নামেন্টটি হবে। অংশ নেবেন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার নামী প্রাক্তন ক্রিকেটাররা। যে মাঠে খেলা হবে তার দর্শকসংখ্যা ৬৫ হাজার। যদিও মাঠে দর্শক প্রবেশ করতে পারবে কিনা, সেটি আয়োজকরা জানাবে চলতি মাসের শেষ দিকে।
গতবার করোনার কারণে বাতিল হয়ে যায় শেষমেশ। এবারও না হওয়ার কথা ছিল, কিন্তু আয়োজকরা পরে সিদ্ধান্ত নিয়েছে, এখন যেহেতু করোনার প্রকোপ কিছুটা কমেছে। ইতিমধ্যেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে দেশের মাঠে ক্রিকেট ফিরেছে। সেই জন্য শুরু করা যেতে পারে।
এই টুর্নামেন্টটি মহারাষ্ট্রের রোড সেফটি সেল এবং সুনীল গাভাসকারের প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (পিএমজি) একসঙ্গে আয়োজন করে। টুর্নামেন্টটির কমিশনারও সুনীল গাভাসকার। অন্যদিকে, টুর্নামেন্টের বিপননী দূত শচীন তেণ্ডুলকর।
এই প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, “রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্টে কিংবদন্তি ক্রিকেটাররা খেলবেন। এটির আয়োজন আমাদের কাছে খুবই গর্বের এবং সম্মানের। তাছাড়া পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের ভাবনা খুবই অসাধারণ। কারণ এখনও আমাদের দেশে প্রতি চার মিনিটে একজন দুর্ঘটনায় প্রাণ হারান। আশা করি এই টুর্নামেন্টটি কঠিন সময়ে সবার মুখে হাসি ফোটাবে।” এই টুর্নামেন্টে খেলতে ভারতে আসবেন ব্রেট লি, ম্যাথু হেডেন, তিলকরত্নে দিলশানরাও।