দ্য ওয়াল ব্যুরো: প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন বিরাট কোহলি। জানুয়ারি মাসে অনুষ্কা শর্মার সন্তান জন্ম দেওয়ার কথা। তাই সেই সময় স্ত্রীর পাশে থাকতে চান বিরাট। তিনি না থাকায় ভারতীয় দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে অজিঙ্ক্যা রাহাণেকে। বিরাটের অবর্তমানে রাহাণের কাঁধে বড় দায়িত্ব। কিন্তু তাতে তাঁর উপর বিশেষ চাপ থাকবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার তথা অধিনায়ক সুনীল গাভাসকার।
স্টার স্পোর্টসের একটি শোয়ে গাভাসকার বলেছেন, “অজিঙ্ক্যা রাহাণের উপর বিশেষ চাপ থাকবে না। কারণ যে দু’বার তিনি ভারতের অধিনায়কত্ব করেছেন, দু’বারই দল জিতেছে। ধরমশালাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর অধিনায়কত্বে দল জিতেছিল। আফগানিস্তানের বিরুদ্ধেও টেস্ট জিতেছিলেন তিনি। তাই অধিনায়কত্ব করতে বিশেষ কোনও চাপ থাকবে না রাহাণের উপর। কারণ এই মুহূর্তে রাহাণেই একমাত্র বিকল্প অধিনায়ক।”
গাভাসকার আরও বলেন, “তাই আমার মনে হয় অধিনায়কত্বের অতিরিক্ত চাপ নিজের উপর নেবে না রাহাণে। এইসব নিয়ে বিশেষ কিছু ভাবছেও না ও। তাই যেভাবে রাহাণে নিজের ক্রিকেট খেলে সেভাবে সততার সঙ্গেই সে অধিনায়কত্ব করবে। আর ব্যাটসম্যান হিসেবে ও নেমে নিশ্চয় পুজারার সঙ্গে জুটি বেঁধে বিপক্ষের উপর যতটা পারা যায় চাপ দেওয়ার চেষ্টা করবে।”
তবে বিরাট না থাকলে চেতেশ্বর পুজারার উপর অনেকটা দায়িত্ব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সেটা নিয়ে খুব একটা বেশি ভাবতে নারাজ গাভাসকার। তাঁর কথায়, “যে ২০ দিনের টেস্ট খেলা রয়েছে তার মধ্যে পুজারাকে ১৫ দিন ব্যাট করতে দেখলে আমাদের সবথেকে বেশি ভাল লাগবে। গত কয়েক মাসে ও বিশেষ ক্রিকেট খেলেছে না খেলেনি, সেটা আমার মতে খুব একটা বেশি প্রভাব ফেলবে না। কারণ পুজারা মানসিক ভাবে খুব শক্ত। কারণ ও ব্যাট করতে ভালবাসে, ক্রিজে থাকতে ভালবাসে, বিপক্ষ বোলারদের ক্লান্ত করে দিতে ভালবাসে।”
বিরাট প্রথম টেস্ট খেলে বাড়ি ফেরার সঙ্গেই রোহিত শর্মাকেও প্রথম দুই টেস্টে দেখা যাবে না। তাই অতিরিক্ত দায়িত্ব নিতে হবে পুজারা ও রাহাণেকে। কারণ এই দলে অভিজ্ঞ ব্যাটসম্যান বলতে এই দু’জনেই রয়েছেন। অনেক দিন ক্রিকেটের বাইরে পুজারা। রাহাণে আইপিএল খেললেও বিশেষ সুযোগ পাননি। তাই ব্যাট করতে নামতে মরিয়া দু’জনে। এখন দেখার অধিনায়ক হওয়ার জন্য বেশি চাপ রাহাণে নিয়ে ফেলেন কিনা। নাকি অধিনায়ক হওয়ায় দায়িত্বের সঙ্গে ব্যাটিংটাও করেন তিনি।