দ্য ওয়াল ব্যুরো: বিশ্রাম থেকে ফিরে লিওনেল মেসি ফের মাঠে নামবেন, প্রতিপক্ষ ওসাসুনা। লা লিগার এই ম্যাচটিতে মেসির সামনে ফুটবল সম্রাট পেলেকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ।
আর্জেন্টাইন তারকা ওসাসুনার বিপক্ষে গোল পেয়েছিলেন। এক ক্লাবে ক্যারিয়ার শেষ করা ফুটবলারের সংখ্যাই তো কম। পাওলো মালদিনি, ফ্রান্সেসকো টোট্টি, কার্লোস পুয়োল, রায়ান গিগসদের নাম চলে আসে এ ক্ষেত্রে। পেলে যদিও স্যান্টোস থেকে শেষ দিকে চলে গিয়েছিলেন নিউইয়র্ক কসমস ক্লাবে।
একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় পেলেরই নাম, তিনি স্যান্টোস ক্লাবের হয়ে করেছিলেন ৬৪৩টি গোল। লিওনেল মেসি বার্সেলোনার হয়ে করেছেন ৬৪১টি গোল। মেসি খেলেছেন ৬৭৮টি ম্যাচ।
সান্তোসে থাকতে আটটি মরসুমে অন্তত ৪০টি করে গোল করেছিলেন পেলে। মেসি এ ক্ষেত্রে পেলের চেয়ে এককদম এগিয়ে রয়েছেন। ১০ মরসুম ন্যূনতম ৪০টি করে গোল করেছেন বার্সা তারকা। তবে চলতি মরসুমে আগের সেই ফর্ম এখনও ফিরিয়ে আনতে পারেননি মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ৭ গোল। এর মধ্যে লিগে তাঁর গোলসংখ্যা ৯ ম্যাচে ৪। ফর্ম হয়তো মেসিসুলভ নয়, কিন্তু তিনি যদি পেলের নজির ভেঙে দেন, অবাক হওয়ার কিছুই থাকবে না।
কাতালান ক্লাবটির সঙ্গে তাঁর সাম্প্রতিক শীতল সম্পর্ক বিচারে মেসির নতুন ঠিকানা তৈরির সম্ভাবনা দেখছেন অনেকেই। নেইমার যেমন মেসিকে পেতে চান পিএসজিতে। আর্জেন্টাইন তারকার সঙ্গে আরও একবার খেলতে মুখিয়ে আছেন নেইমার। বার্সায় থাকতে দুজনের বন্ধুত্বের শুরু। এই হৃদয়ের টান থেকেই বন্ধুর প্রতি হৃদয়ের দাবি রেখেছেন ব্রাজিল তারকা।
কিন্তু নেইমার চাইলেই তো হবে না! মেসিকেও চাইতে হবে। সবচেয়ে বড় কথা হলো পিএসজি তাঁকে কিনতে চায় কি না। এর মধ্যেই আবার পিএসজি-র কর্তাদের বলা হয়েছিল তারা কী মেসিকে সামনের মরসুমে আপনাদের ক্লাবে দেখতে চান? সেই প্রশ্নের জবাবে কর্তারা বলেছেন, এখনই সেটি নিয়ে বলার সময় নয়, কারণ মেসি এই মুহুর্তে বার্সেলোনার ফুটবলার।