দ্য ওয়াল ব্যুরো: বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় জুটি বিখ্যাত হয়েছিল। সত্যজিতের পরিচালনায় সৌমিত্র করেছিলেন ১৪টি সিনেমা, এবং প্রতিটি হিট। কিন্তু শুনলে অবাক হবেন, এই প্রবাদপ্রতিম পরিচালকের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন সৌমিত্র।
সব থেকে বড় কথা, ওই ম্যাচে সত্যজিতের সহ অধিনায়ক ছিলেন উত্তম কুমার, আর সৌমিত্র ছিলেন জহর গঙ্গোপাধ্যায়ের ডেপুটি। খেলাটি হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় একাদশ ও কানন দেবী একাদশের মধ্যে। টালিগঞ্জের কলাকুশলীদের মধ্যে ওই ম্যাচটিতে সৌমিত্র ভাল ব্যাটিং করেছিলেন।
শুধু ওই একবারই নয়, সৌমিত্র বহুবার ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন। তিনি এমনিতে ফুটবল খেলতেন গ্রিয়ার ক্লাবের হয়ে, সেন্টার হাফ পজিশন ছিল। কিন্তু তাঁর গভীর প্রেম ছিল ক্রিকেট, সেই কারণেই সুযোগ পেলেই তিনি মাঠে নেমে পড়তেন।
সত্তরের দশকে কেরলের বন্যা ত্রানে তহবিল গড়ার জন্য কলকাতা সিনেমা জগৎ ও মুম্বই সিনেমা জগতের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হয়েছিল। ওই খেলায় মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করতে মাঠে নামেন অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, রাজেশ খান্নারা। কলকাতা সিনেমা মহলের থেকে মাঠে নেমেছিলেন সৌমিত্র, উত্তম কুমার, অনুপ কুমার, অনিল চট্টোপাধ্যায়, রবি ঘোষরা।
ওই ম্যাচের কথা বলেছেন বাংলা ক্রিকেট দলের ডিরেক্টর তথা প্রাক্তন রঞ্জি তারকা জয়দীপ মুখোপাধ্যায়। তিনি আবার আগেকার নামী অভিনেতা দিলীপ মুখোপাধ্যায়ের (যিনি খলনায়কের ভূমিকায় বেশি অভিনয় করতেন) পুত্রও বটে। বাবার সঙ্গে অতীতে বহু ম্যাচে হাজির ছিলেন জয়দীপ।
সেই ঘটনার স্মৃতিচারনা করতে গিয়ে সৌরভের প্রিয় বন্ধু জানিয়েছেন, সৌমিত্র জেঠু ভাল বোলিং করতেন, ব্যাটিংও মন্দ করতেন না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি ম্যাচে সৌমিত্র ভাল ব্যাটিং করেছিলেন। সেই ম্যাচে স্পিন বোলিং করে চমক সৃষ্টি করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। নিজের বই বাদশাহী আংটিতে নিজের এই ক্রিকেট প্রেমের কথা লিখেছিলেন তিনি।
বাংলার রঞ্জি জয়ী প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ও স্মৃতির ঝাঁপি খুলেছেন ক্রীড়াবিদ সৌমিত্র নিয়ে। এমনকি তিনি জানিয়েছেন, ‘‘সৌমিত্রবাবু ৭০-৮০ দশকে ইডেনে কোনও টেস্ট ম্যাচ বাদ দেননি। সব ম্যাচে মাঠে আসতেন, খেলা দেখতেন প্রায় পাঁচদিনই।’’ তাঁর প্রিয় ছিলেন ক্যারিবিয়ান মহাতারকা গ্যারি সোবার্স।
সম্বরণ আরও বলেছেন, ‘‘সৌমিত্র এতটাই ক্রিকেটের খোঁজ রাখতেন, তিনি একবার একটি সাক্ষাৎকারে জানান, কেকেআর যদি রাহানের মতো ক্রিকেটারকে দলে নিতে পারে, তা হলে ভাল। ছেলেটির খেলা দেখতে আমার খুব ভাল লাগে।’’ তবে টোয়েন্টি ২০ ক্রিকেট বা আইপিএলের সমর্থক ছিলেন না সদ্য প্রয়াত অভিনেতা। তাঁর ক্রিকেট নিয়ে এই ব্যবসা পছন্দ ছিল না, সেটি বারবার বলেছেনও।