দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলতে নেমেছে ভারত। খেলার আগেই প্রস্তুতি ম্যাচের পরে ওপেনে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে শুবমান গিলকে খেলানোর কথা বলেছিলেন ভারতের প্রাক্তন ওপেনার তথা কিংবদন্তি সুনীল গাভাসকার। কিন্তু তারপরেও গিলের জায়গায় পৃথ্বী শ’য়ের উপরেই ভরসা দেখিয়েছে ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরেছেন পৃথ্বী। রান পাননি ময়ঙ্কও। তিনিও বোল্ড হয়েছে। আর দুই ওপেনারের বোল্ড হওয়ার ধরন অনেকটা একই রকম। ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে বল ঢুকেছে। আর তারপরেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন গাভাসকার। তাঁর বক্তব্য, দেখে মনে হচ্ছে ভারতীয় ওপেনারদের ব্যাট ও প্যাডের মাঝে ট্রাক গলে যাবে।
ম্যাচের দ্বিতীয় বলেই স্টার্কের ইনসুইঙ্গারে আউট হন পৃথ্বী। বল তাঁর ব্যাটে লেগে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে উইকেটে লাগে। সেই বলের আগেই কমেন্ট্রি বক্সে বসে প্রাক্তন অজি অধিনায়ক তথা আইপিএলে পৃথ্বীর দলের কোচ রিকি পন্টিং বলছিলেন, ‘পৃথ্বী অনেক সময় ব্যাট আর প্যাডের মাঝে অনেকটা ফাঁক রেখে দেয়। সেটা ব্যবহার করতে পারে স্টার্ক।’ পরের বলেই সেটা দেখা যায়।
পৃথ্বীর আউটের পরে কমেন্ট্রি বক্সে বসে গাভাসকার বলেন, “সবে খেলতে নেমে যদি এত দেরি করে খেলে তাহলে তো আউট হবেই।” তার কিছু ওভার পরে প্যাট কামিংসের ইনসুইঙ্গারে একই ভাবে আউট হন ময়ঙ্ক। তাতে আরও ক্ষুব্ধ হন সানি। তিনি বলেন, “আবার, একই ভাবে আউট হল। ভারতীয় ওপেনারদের ব্যাট ও প্যাডের মাঝে বড় ফাঁক থাকছে। ওখান দিয়ে ট্রাক পর্যন্ত ঢুকে যাবে। এখানেই ওদের ভুল হয়ে যাচ্ছে।”
টেস্টে একটা দলের ভিত গড়ে দিয়ে যান ওপেনাররা। নতুন বলে কঠিন সময়ে ব্যাট করতে হয় তাঁদের। তাই ওপেনারদের ব্যাটিং টেকনিক সবসময় অনেক মজবুত হওয়া দরকার বলেই মনে করেন বিশেষজ্ঞরা। গাভাসকার নিজেও একটা সময়ে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিং সামলেছেন। তিনি জানেন রান না পেলেও একটা দিক ধরে থেকে বল পুরনো করার কাজ করতে হয় ওপেনারদেরই। কিন্তু অ্যাডিলেডে সেটা দেখা যায়নি। আর তাই এতটা ক্ষুব্ধ হয়েছেন সানি।
দুই ওপেনার তাড়াতাড়ি আউট হলেও অবশ্য দলের হাল ধরেন তিন অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, অধিনায়ক বিরাট কোহলি ও অজিঙ্ক্যা রাহানে। যদিও দ্বিতীয় সেশনে পুজারা এবং শেষ সেশনে বিরাট ও রাহানের উইকেট হারিয়ে চাপে ভারত। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিনে তাঁরা দলের রান কতটা নিয়ে যেতে পারেন সেটাই দেখার।