দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি নিয়ে মন্তব্য করে বিতর্ক ডেকে আনলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার তথা নামী ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন, ‘‘চেন্নাই সুপার কিংসের উচিত হবে আগামীবার ধোনিকে না রাখা। কারণ ধোনিকে রাখলে সিএসকে-কে ১৫ কোটি টাকা খরচ করতে হবে।’’
সদ্য সমাপ্ত আইপিএলে একদমই ভাল খেলতে পারেননি ধোনি। তাঁর দলও এবার গ্রুপ পর্ব থেকে হেরেই বিদায় নিয়েছে। তারা প্রথম দল হিসেবে ছিটকে গিয়েছিল কোটিপতি লিগ থেকে। তাই সিএসকে অধিনায়ক হিসেবে চরম ব্যর্থ হয়েছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ক।
ধোনিকে প্রশ্ন করা হয়েছিল এবারই শেষ ম্যাচের আগে। ড্যানি মরিসনের সেই প্রশ্নে সিএসকে দলনেতা জানিয়েছিলেন, তিনি সামনের বারও আইপিএলে খেলতে চান। এবং খেলতে চান চেন্নাইয়ের হলুদ জার্সি পরেই। তারপরে আরও পরিষ্কার হয়ে যায়, ধোনি অবসর নেবেন না।
আকাশ অবশ্য ধোনিকে অবসর নিতে বলছেন না। তিনি বলছেন, ধোনিকে নিলামে চেন্নাইয়ের ছেড়ে দেওয়া উচিত। ধোনিকে ছাড়লে অন্য দল তাঁকে নিতে চায় কিনা, সেটি দেখা উচিত হবে। কারণ এই প্রাক্তনের মনে হচ্ছে, চেন্নাই দলে এমন একজন দলনেতার প্রয়োজন রয়েছে, যে কিনা তিনবছর দলে থাকে। ধোনির বয়স ৩৯, এই পরিস্থিতিতে তাঁর পক্ষে তিনবছর টানা থাকা যাবে এমন পরিস্থিতিতে। তাই অন্য কাউকে দলের নেতা করা উচিত হবে।
চেন্নাই দলটিকে দেখে অনেক বিশেষজ্ঞই তাঁকে ড্যাডিজ আর্মি অ্যাখ্যা দিয়েছিল। কেননা দলে অনেক সিনিয়র তারকা রয়েছেন, যারা খেলা থেকে অবসর নেওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছেন। ধোনি, ওয়াটসন, ডু প্লেসি, রায়ডু, ব্র্যাভো, তাহিররা তো ছিলেনই, এমনকি রায়নাও যে চলে এসেছিলেন টুর্নামেন্ট শুরুর আগে, তাঁর বয়সও খারাপ হয়নি।
চোপড়া মনে করছেন, সিএসকে-র এই দলটিকে নতুনভাবে গড়তে হবে। তাই সামনের বারের আইপিএলের মেগা নিলাম চেন্নাইয়ের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দিল্লির এই ক্রিকেটার জানিয়েছেন, ‘‘আমি মনে করি না চেন্নাই রায়না কিংবা হরভজনের হাতে দলের দায়িত্ব তুলে দেবে, এমন কাউকে দেওয়া উচিত নেতৃত্ব যে দীর্ঘদিন দলের দায়িত্বে থাকতে পারবে।’’
চেন্নাই দলটি যে এবার বেশি বয়সী ক্রিকেটারদের জন্যই মার খেয়েছেন, সেটি জানিয়েও আকাশের উপলব্ধি, সিনিয়র থাকা ভাল, কিন্তু অধিকাংশ সিনিয়র থাকা চাপের, কারণ টি ২০ ক্রিকেট হল চ্যালেঞ্জিং ক্রিকেট, এটি দল গড়ার সময় খেয়াল রাখা উচিত সিএসকে কর্তাদের।