দ্য ওয়াল ব্যুরো: সোমবার মোদী সরকারের নবম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর এই বাজেট পেশ করতে গিয়ে অস্ট্রেলিয়ায় ভারতের বর্ডার-গাভাসকার ট্রফি জয়ের প্রসঙ্গ তুলে আনলেন নির্মলা। যেভাবে ভারত অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে তার প্রশংসা করেছেন তিনি।
বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী বলেন, “ক্রিকেট প্রেমী দেশের এক নাগরিক হিসেবে অস্ট্রেলিয়ায় ভারতের দুর্দান্ত জয়ে আমাদের যে আনন্দ হয়েছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই জয় আমাদের মনে করিয়ে দেয় আমাদের দেশের সেই তরুণ প্রজন্মের কথা যাঁদের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি রয়েছে ও সফল হওয়ার তাগিদ রয়েছে। এটাই এই নতুন ভারতের পরিচয় দেয়।”
গতকালই নিজের মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। তিনি বলেন, “এই মাসে আমরা ক্রিকেটের ক্ষেত্র থেকে ভাল খবর পেয়েছি। শুরুতে একটু সমস্যার পরে ভারতীয় দল দুরন্ত প্রত্যাবর্তন করেছে ও অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছে। আমাদের দলের কঠিন পরিশ্রম ও দলগত প্রচেষ্টা সত্যিই অনুপ্রেরণা দেয়।”
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ঘরে ফিরেই প্রধানমন্ত্রীর এই ভাষণের উত্তর দেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটে সৌরভ লেখেন, ‘‘অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্যে সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’’
প্রধানমন্ত্রীর ভাষণকে রিটুইট করে ভারত অধিনায়ক বিরাট কোহলি তেরঙার ছবি পোস্ট করেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে লেখা হয়, ‘‘আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী। তেরঙা আরও উঁচুতে ওড়ানোর জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে, এই কথা আমরাও দিচ্ছি।’’
এমনকি যাঁর নেতৃত্বে এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে, সেই অজিঙ্ক্যা রাহানে পর্যন্ত প্রশংসা করে মোদীকে টুইট করেছেন। তিনি বলেন, ‘‘এই মন্তব্যের সাহায্যে আমাদের আরও উৎসাহিত করার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদী। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়েই গর্বের। ভবিষ্যতেও এরকম পারফরম্যান্স করে আমরা আরও প্রেরণা দিয়ে যাব।’’