দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের বহু নামী তারকা ফুটবলাররা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন খোদ বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার কর্ণধার তথা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা তাদের ওয়েবসাইটে এই খবর ঘোষণা করেছে। ফিফার জুরিখের সদরদপ্তরেও করোনা হানা দিল।
৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনার কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে। আগামী ১০ দিন তিনি কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছে ফিফা। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘‘ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মঙ্গলবার রাতে জানতে পেরেছেন তিনি করোনাভাইরাস পজিটিভ। গত কয়েক দিন যারা ফিফা সভাপতির সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে। সভাপতির দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করছে ফিফা।’’
ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে করোনা আক্রান্ত। তিনিও কোয়ারেন্টিনে রয়েছেন তুরিনে তাঁর প্রাসাদোপম অট্টালিকায়। তাঁর দুইবারই কোভিড পজিটিভ এসেছে পরীক্ষায়। তিনি বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও নামতে পারবেন না। তাঁকে মাঠে নামতে গেলে কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে মাঠে নামতে হবে।
এদিকে, গত ১৬ অক্টোবর সর্বশেষ প্রকাশ্যে এসেছিলেন ইনফান্তিনো। ফিফার একটি কর্মশালায় যোগ দেন তিনি। সেখানে ফিফার কর্মসমিতির সব সদস্যই হাজির ছিলেন। সুইজারল্যান্ডে এই মাসে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি সপ্তাহে প্রায় দ্বিগুণ হচ্ছে সংক্রমণের সংখ্যা। সংক্রমণ কমাতে নতুন কোনও ব্যবস্থা নিতে পারে সুইজারল্যান্ড প্রশাসন।
ফুটবল বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ কমবেশি ভালই ছড়িয়েছে। রোনাল্ডো, নেইমার, সাদিও মানে, ইব্রাহিমোভিচ, দিবালা, ডি’মারিয়ারা কোভিডের শিকার হয়েছেন। এমনকি ইতালির সুপারস্টার ও প্রাক্তন ডিফেন্ডার পাওলো মালদিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সবাই সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। ফিফা সভাপতি সুস্থ হয়ে কবে ফের কাজে ফেরেন, সেটিও দেখার।