দ্য ওয়াল ব্যুরো: আট মাস আগের ঘটনা, সেটি আবার নতুনভাবে মাথা চাড়া দিয়ে উঠল। যার জেরে ভারতের নামী ক্রিকেটার যুবরাজ সিংয়ের নামে এফআইআর করা হয়েছে।
গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেসনে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। ওই সাক্ষাৎকারে যজুবেন্দ্র চাহাল নিয়ে মন্তব্য করেছিলেন যুবি। সেখানে দেশের নিচু জাতের মানুষদের তিনি কটাক্ষ করেছিলেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে বিদ্রুপ করার সময় তিনি দলিতদের আক্রমণ করে বসেন। জাত-পাত নিয়ে করা মন্তব্যের জেরেই কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল যুবিকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই বিখ্যাত ক্রিকেটার জানিয়েছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের কল্যাণেই কাজ করে যেতে চাই। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।”
https://twitter.com/YUVSTRONG12/status/1268810700429897728
তাতেও চিঁড়ে ভেজেনি, তারই প্রমাণ মিলল এবার। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর। আট মাস আগে এ নিয়ে অভিযোগ করা হয়েছিল। হনসি থানায় এই এফআইআর নথিভুক্ত হয়েছে। আইপিসি ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারার পাশাপাশি এসসি-এসটি অ্যাক্ট-এর সেকশন ৩ (১) (আর) এবং ৩ (১) (এস) ধারায় অভিযোগ দায়ের হয়েছে যুবরাজের নামে।
হনসি-র আইনজীবী রজত কলসান মনে করছেন, ‘যুবরাজ সিং-এর বক্তব্যে লক্ষ লক্ষ দলিত অপমানিত বোধ করেছিলেন। সোস্যাল মিডিয়ায় সেই ভিডিওটা দেখেছিলেন অনেকেই।’ স্থানীয় থানার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে তিনি এফআইআর নথিভুক্ত করা এবং তাঁকে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন।