দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে উত্তরাখণ্ডের ক্রিকেট কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। পদত্যাগের পরে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। ওয়াসিমের অভিযোগ, তাঁকে নাকি কাজ করতেই দেওয়া হচ্ছিল না। দল গঠন থেকে শুরু করে দলের সম্বন্ধে কোনও সিদ্ধান্তই নিতে পারতেন না তিনি। অথচ দলের খারাপ ফলের জন্য তাঁকেই দায়ী করা হত। তাই পদত্যাগ করেছেন তিনি। অন্যদিকে ওয়াসিমের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ এনেছেন সংস্থার কেউ কেউ। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওয়াসিম। তাঁকে সমর্থন করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলে। সমর্থন করেছেন আর এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও।
ভারতের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ মূলত সংস্থার সচিব মহিম বর্মার বিরুদ্ধে। ওয়াসিম জানিয়েছেন, “আমি সম্পূর্ণ মন দিয়েই উত্তরাখণ্ডের ক্রিকেটের উন্নতি করার চেষ্টা করেছি। ভাল প্লেয়ার তুলে আনার চেষ্টা করেছি। যারা যোগ্য তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমাকে সেটা করতে দেওয়া হয়নি। কাজে হস্তক্ষেপ করা হয়েছে।”
ওয়াসিম আরও বলেন, “সচিব মহিম বর্মা সব সময় সমস্যা করেছেন। আমার কোনও কথা শোনা হয়নি। বিজয় হাজারে ট্রফির জন্য দল নির্বাচনে আমাকে ডাকা হয়নি। ১১ জন ক্রিকেটারই বদলে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে চললে ভাল ফল কীভাবে হবে। আমি বলছি না আমার দলই খেলাতে হবে। কিন্তু দল নির্বাচনের আগে আমার পরামর্শ নেওয়া তো উচিত ছিল।”
এইসব অভিযোগ আবার উড়িয়ে দিয়েছেন সচিব। মহিম বর্মা বলেন, “ওয়াসিম যা বলেছে সব মিথ্যা। ও কারও কথা শনত না। নিজের মতো দল চালানোর চেষ্টা করত। বারবার পদত্যাগ করার ভয় দেখাত। এমনকি সহকারী কোচদেরও ওই নিয়ে এসেছিল। আমার সঙ্গে অনেক বার খারাপ ব্যবহার করেছে ওয়াসিম। ক্রিকেটের ভাল পরিবেশ নষ্ট করেছে ও। তাই দল খারাপ ফল করলে কোচ হিসেবে ওকে তো উত্তর দিতে হবেই।”
গত বছর জুন মাসে উত্তরাখণ্ডের কোচ করা হয় ওয়াসিম জাফরকে। তিনি দলের মধ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন সংস্থার একাধিক আধিকারিক। ক্রিকেটারদের ধর্মের ভিত্তিতে সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াসিমের যুক্তি, “আমি যদি ধর্মীয় বিভাজন করতাম, তাহলে আমাকে বহিষ্কার করা হত। কিন্তু সেটা হয়নি। আমি নিজেই পদত্যাগ করেছি।”
ওয়াসিমের সমর্থনে মুখ খুলেছেন অনিল কুম্বলে ও ইরফান পাঠান। কুম্বলে টুইট করে বলেন, "ওয়াসিম তোমার সঙ্গে আছি। সঠিক সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু তরুণ ক্রিকেটাররা তোমার অভিজ্ঞতা মিস করবে।" পাঠান আবার টুইট করে বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে তোমাকে পুরোটা বুঝিয়ে বলতে হচ্ছে।"