দ্য ওয়াল ব্যুরো: বিখ্যাত পিতার সন্তান হওয়া সবসময় চাপের। সে যে কোনও ক্ষেত্রে, ক্রীড়া জগতে তো বটেই। ফুটবল হোক কিংবা ক্রিকেট, বা অন্য কোনও ইভেন্টে। এটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি সফল পিতার সন্তান সবসময় ছায়ায় থাকেন, সেই ছায়া অবশ্যই তাঁর বাবারই।
ডন ব্র্যাডম্যানের সময় থেকে হয়ে আসছে, তারপর সুনীল গাভাসকর, ভিভ রিচার্ডসের পরম্পরা চলেই আসছে। বলা যেতে পারে বিজয় মঞ্জরেকারের পুত্র সঞ্জয়ের ক্ষেত্রেও। আর শচীন তেন্ডুলকারের পুত্র অর্জুনের কথা তো বলাই যায়।
বাবা যতটা বিখ্যাত হয়েছেন, পুত্ররা পারেননি সেই ক্যারিশমা বজায় রাখতে। এটা কিছু ক্ষেত্রে দক্ষতার ওপর নির্ভর করে, বেশিটাই আবার মানসিক। সেরকমই শেষ সংযোজন হলেন স্টিভ ওয়া পুত্র অস্টিন। তিনি ভালই শুরু করেছিলেন, কিন্তু ওয়া পদবিটি অস্টিনের কাছে পাহাড়ের মতো মনে হচ্ছে। সেই কারণেই তিনি চলতি মরসুমে ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছেন।
কিন্তু কেন অস্টিন সরলেন আচমকাই ক্রিকেট থেকে? নামের সঙ্গে ‘ওয়া’ যেহেতু আছে, সেই চাপ তিনি রাখতে পারছেন না। স্টিভ ওয়া মানে অস্ট্রেলিয়া ক্রিকেটে একটা ইতিহাস, তিনি এমন এক পরিধি বিস্তার করেছিলেন, যা বাকি প্রজন্মের কাছেও সম্মানের। স্টিভ ওয়া সফল ক্যাপ্টেন হিসেবেও অজি ক্রিকেটকে টেনেছেন বারবারই।
স্টিভের ছেলে অস্টিন ভাল ক্রিকেটই খেলেন। তাঁর ভবিষ্যতও ছিল উজ্জ্বল, স্টিভও ছেলের ক্রিকেটের প্রতি গুণমুগ্ধ। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলে অলরাউন্ডার হিসেবে বাবার মতো প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন অস্টিন। কিন্তু মাত্র ২১ বছর বয়সী এই ক্রিকেটারের আপাতত খেলা থেকে মন উঠে গিয়েছে। সিডনিতে নিজের ক্লাব সাদারল্যান্ডকে অস্টিন জানিয়েছেন, এ মরসুমে তিনি মাঠের বাইরে থাকতে চান।
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে ছিলেন অস্টিন। বাবার মতোই অলরাউন্ডার হিসেবে যাত্রা শুরু হয়েছে তাঁর। বোলিং করেন মিডিয়াম পেস। বল হাতে বয়সভিত্তিক ক্রিকেটে উইকেটও পেয়েছেন ভালই। ২০১৬ সালে পন্টিং একাদশের বিপক্ষে গিলক্রিস্ট একাদশের এক প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন অস্টিন। তখন ১৭ বছর বয়সেই ব্র্যাডলি হোপকে লং অনের ওপর দিয়ে দর্শনীয় এক ছক্কা মেরেছিলেন। চমকে যাওয়া ধারাভাষ্যকারদের চোখে শটটি ছিল ‘টেনিস বল সার্ভিস’!
চ্যানেল নাইন আবার জানিয়েছে, কিংবদন্তি বাবার নামের ভার সইতে না পেরে অস্টিন এমন সিদ্ধান্ত নিতে পারেন। সাদারল্যান্ডের অধিনায়ক বেন ডরিশ সিডনি টেলিগ্রাফকে বলেছেন, অস্টিন এবার ক্রিকেট থেকে সরে থাকতে চায়, আমাদের সেরকমই বলেছে। অস্টিন ভাল ক্রিকেটার, সম্ভাবনাও প্রচুর, কিন্তু কাউকে খেলার জন্য জোর করা যায় না। খেলার চাপ তো আছেই, নামের সঙ্গে ওয়া পদবি থাকাটাও অতিরিক্ত চাপ। তবে আমাদের আশা, অস্টিন আরও সুদৃঢ় হয়ে ক্রিকেটের মূলধারায় ফিরবে।’’