
শেষ আপডেট: 13 June 2021 12:56
ক্রিকেটের পরেই প্রেম বলতে তাঁর কাছে ফুটবলই। বহুবার ফুটবলের মাঠে তাঁকে দেখা গিয়েছে। নিজেও একসময় সেন্ট জেভিয়ার্স কলেজের হয়ে ফুটবল খেলেছেন। সেই কারণেই ইউরো কাপ দেখার আশাতেই বসেছিলেন। এরিকসেনের ঘটনার পরে সারা রাত চিন্তায় ছিলেন।
রবিবার সকালেই সৌরভ একটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘‘এরিকসেন আমার দৃঢ় বিশ্বাস, তুমি আবারও মাঠে ফিরবে, আবারও ক্লাব ও দেশের জার্সিতে ঝলমল করবে।’’ এমনকি তিনি শহরে মিডিয়া প্রতিনিধিদেরও জানিয়েছেন, ‘‘ডেনমার্কের এরিকসেন ফের মাঠে ফিরবে, আবারও খেলবে, আমি জোর দিয়ে বলতে পারি।’’
দুবাই থেকে ফিরেই সৌরভ তাঁর ফাউন্ডেশনের কাজে নেমে পড়েছেন। রবিবার সকালে তাঁকে ও দাদা স্নেহাশিসকে দেখা গিয়েছে ভ্যাকসিন কেন্দ্রে যেতে। তাঁর উদ্যোগেই বেহালায় ভ্যাকসিনের কাজ হচ্ছে। প্রায় দেড়শ জন করোনা টিকা নিয়েছেন। পরে সংখ্যা আরও বাড়তে পারে বলে মহারাজের ধারণা। তাঁরা করোনা মোকাবিলায় এর আগে জেলায় অক্সিজেন কনসেনট্রেটরও সরবরাহের কাজ করেছেন।