
দল বিদায়ের পরে হতাশায় রাসেল।
শেষ আপডেট: 24 June 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার নামে বলা হয়, তারা মেগা আসরের বড় চোকার্স। কিন্তু এবার আর তাদের নামের পাশে সেটি বসল না। বরং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। ডাকওয়ার্থ লুইস নিয়মে তিন উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭ ওভারে ১২৩ রান। ঠিক ১৭তম ওভারের প্রথম বলে ওবেদ ম্যাকয়কে ছক্কা মেরে প্রোটিয়াদের সেমিতে তুলে দেন মার্কো ইয়ানসেন।
ক্যারিবীয়দের হারিয়ে সুপার এইট গ্রুপ-২ তে শীর্ষে থেকেই সেমিতে গেল দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ থেকে আগেই বিদায় নেয় আমেরিকা। এবার ওয়েস্ট ইন্ডিজও বিদায়ের পথ দেখল।
নর্থ সাউন্ডের স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান। রস্টোন চেজ ৪২ বলে করেন ৫২ রান। ব্রেন্ডন কিংয়ের পরিবর্তে সুযোগ পাওয়া কাইল মেয়ার্স ৩৪ বলে করেন ৩৫ রান।
দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা দুই ওভার ব্যাট করতেই নামে বৃষ্টি। ২ ওভারেই ২ উইকটে হারিয়ে বসে প্রোটিয়ারা। রান করে ১৫।
বৃষ্টিতে বন্ধ থাকায় দীর্ঘ সময় পর আবারও খেলা শুরু হয়। এ সময় প্রোটিয়াদের জন্য নতুন লক্ষ্য ১৭ ওভারে ১২৩ রান। বৃষ্টি এসে যাওয়ায় সেটি দক্ষিণ আফ্রিকার কাছে আশীর্বাদ হয়ে গিয়েছে।
শুরুতে ২ উইকেট হারালেও এইডেন মাক্রাম(১৮), স্টিস্টান স্টাবস (২৯) ও হেনরিক ক্লাসেনের (২২) মাঝারি মানের তিনটি ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।