
শেষ আপডেট: 21 December 2023 21:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ক্লাব প্রশাসনেও প্রাক্তন ফুটবলাররা আসুন, এমনটাই চান ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি এদিন মোহনবাগানের অমর একাদশের মূর্তি বসানোর অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে হাজির ছিলেন। মহারাজ সেই মঞ্চে পরিষ্কার বলেছেন, আমাদের দেশে বহু ক্রীড়া সংস্থায় ক্রীড়াবিদরা এসেছেন, এটা ভাল দিক। আমি চাই কলকাতা ক্লাব প্রশাসনেও প্রাক্তনদের জায়গা দেওয়া হোক।
দেশের ক্রীড়া সংস্থায় অনেক ক্ষেত্রেই নানা প্রাক্তনরা শীর্ষ পদে বসে রয়েছেন। সর্বভারতীয় ফুটবল সংস্থায় সভাপতি প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবে, ক্রিকেটে রজার বিনি, হকিতে দিলীপ তির্কে, এমনকি অ্যাথলেটিক্স সংস্থার শীর্ষেও বসে রয়েছেন পিটি উষা।
এই নিয়ে মহারাজ বলেছেন, আমার প্রথম ভালবাসা ফুটবলই। ক্রিকেটে আমি পরে এসেছি। বাবার সঙ্গে খেলা দেখতে এসেছি মোহনবাগান মাঠে। এখনও বলে দিতে পারব মানস, বিদেশ, প্রসূণরা কোথায় খেলতেন। আমি মনে করি খেলোয়াড়রা প্রশাসনে এলে আখেরে খেলাটার ভাল হবে। তাই প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ বলে রেখেছেন, প্রশাসনে একজন ক্রীড়াবিদ খেলোয়াড়দের আসল সমস্যা বুঝতে পারবেন।
সৌরভ আরও বলেন, আগে তো খেলায় কোনও অর্থ ছিল না। তার জন্য কি খেলা আটকে থেকেছে? গাভাসকার, কপিলদেবরা কী পেয়েছেন? আমি তো প্রথম রঞ্জি খেলে চারশো টাকা পেয়েছিলাম। তাই ভালবেসে খেলতে হবে, তা হলে রিটার্নও পাওয়া যাবে।