দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে নিজের জীবনচরিত নিয়ে বায়োপিকে নিজের সম্মতি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মঙ্গলবার দুপুরে ‘দ্য ওয়াল’কে পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘হ্যাঁ, আমার বায়োপিক হচ্ছে, আমি রাজি আছি।’’
এর আগে একবার ঠিক হয়েছিল সৌরভের বায়োপিক হবে, মহারাজের ভূমিকায় অভিনয় করবেন হৃতিক রোশন। কিন্তু পরে জানা যায়, চুক্তি পছন্দ হয়নি সৌরভের, এমনকি চিত্রনাট্যও ভাল লাগেনি প্রাক্তন ভারত অধিনায়কের।
এবার আর কোনও সমস্যা নেই, দিনের আলো দেখবে সৌরভের মতো ক্রাউডপুলারের জীবন নিয়ে সিনেমা। মনে করা হচ্ছে, এর আগে যাঁদের নিয়ে বায়োপিক হয়েছে, সেই সব রেকর্ড ভেঙে বক্স অফিসে নতুন নজির গড়বে সেলুলয়েডে মহারাজের জীবনকাহিনী । কারণ তাঁর জীবনটাই রঙ্গমঞ্চে ভরা, ক্লাইম্যাক্স ও অ্যান্টি ক্ল্যাইম্যাক্স ভরে রয়েছে সারা জীবনে। তাঁর মতো উত্থান-পতনের জীবন বাকিদের নেই। আর এভারেস্টসম সাফল্য তো রয়েইছে।
ভারতের এক বিগ ব্যানার প্রোডাকশন ভায়াকম এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড উদ্যোগী হয়েছে সৌরভের বায়োপিক করার ক্ষেত্রে। তাদের বাজেট প্রায় ২৫০ কোটি টাকার। মহারাজের ভূমিকায় অভিনয়ের জন্য এগিয়ে রয়েছেন রণবীর কাপুর। তিনি এর আগে সঞ্জয় দত্তের বায়োপিকে কাজ করে সাড়া ফেলেছেন। আর তাছাড়া রণবীর দারুণ ফ্যান সৌরভের, তাঁর সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের দারুণ সম্পর্ক। ওই রসায়নের তাঁর সঙ্গে জুটি বাঁধবেন সৌরভ। আর মহারাজের দাদাগিরি দেখানোর জন্য তৈরি রণবীরও।
এর আগে ক্রিকেটে ধোনি, আজহার, কপিলদেবের মতো কিংবদন্তিদের বায়োপিক হয়েছে। কপিলের বায়োপিক ছিল অবশ্য ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে। এমনকি মহিলা ক্রিকেটারদের মধ্যে মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের নিয়েও বায়োপিকের পরিকল্পনা রয়েছে, কিন্তু সৌরভের মতো জনপ্রিয় চরিত্রের সিনেমা বাজারে এলে হিট হবেই।
লর্ডসে অভিষেক থেকে ন্যাটওয়েস্টে জামা ঘোরানো, কিংবা গ্রেগ চ্যাপেল বিতর্ক, সবই থাকবে মহারাজের বায়োপিকে, তাই এখন থেকেই অপেক্ষা শুরু হল সৌরভ প্রেমীদের।