
আরজি কর কাণ্ডে পথে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
শেষ আপডেট: 20 August 2024 21:28
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ তো বটেই, পাশাপাশি দেশও এই মুহূর্তে টালমাটাল আরজি কর কাণ্ডে। ওই নামী সরকারী হাসপাতালের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টও নড়েচড়ে বসেছে। সর্বোচ্চ আদালতও বলছে, এমন নৃশংস ঘটনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির নির্ভয়া কাণ্ডকে।
সারা রাজ্যের মানুষের নিরন্তর সমালোচনার পরে এবার পথে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি গতকাল রাত থেকেই তাঁর সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইলগুলি রয়েছে, সেগুলিকে কালো করে নীরব প্রতিবাদ জানাচ্ছেন। তাঁর হোয়াটসঅ্যাপের ডিপিও কালো। এমনকী মহারাজের স্ত্রী ডোনা ও কন্যা সানার ডিপিও কালো করা রয়েছে। তাঁরাও যে এই ঘটনায় দোষীদের শাস্তি নিয়ে জোরালো দাবি জানাচ্ছেন, সেটিও মনে করা হচ্ছে।
সবথেকে বড় বিষয়, সম্প্রতি সৌরভের একটি মন্তব্য নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, এমন ঘটনা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটতে পারে, সেই নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট একটা ঘটনা নিয়ে সামগ্রিকভাবে বিচার না করাই ভাল। তিনি এ রাজ্য তো বটেই, পাশাপাশি ভারতকেও মহিলাদের জন্য নিরাপদ বলেছেন। ওই মন্তব্যকেই বিচ্ছিন্ন ঘটনা বলে প্রাক্তন ভারত অধিনায়কের সমালোচনা শুরু হয়ে যায়। অনেকেই সরব হন, সৌরভের দাদাগিরি বয়কটের। স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা শ্রীলেখা মিত্রদের মতো টলিউড অভিনেত্রীরাও নজিরবিহীনভাবে সৌরভের সমালোচনা করেছেন।
সৌরভ অবশ্য সিদ্ধান্ত নিয়েছেন, তিনিও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বেহালায় পথে নামবেন। বুধবার সন্ধ্যা সাতটা থেকে তাঁর স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীদের নিয়ে বিরাট মিছিল সংঘটিত হবে। ওই মিছিলে হাঁটবেন মহারাজও। যদিও তিনি নিজে এই বিষয়ে কিছু মন্তব্য না করলেও তাঁর বিশ্বস্তমহল মনে করছে, মহারাজ এই ঘটনায় শুরু থেকেই তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনিদের কঠোর শাস্তি নিয়ে সরব হয়েছেন। তিনি ওই তরুণী চিকিৎসকের পরিবারের পাশে থাকবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। কীভাবে তিনি পাশে থাকবেন, সেটিও জানাননি সৌরভ।
এদিকে, নামী অ্যাথলিট সোমা বিশ্বাসের ডাকে বুধবার ময়দানে প্রাক্তন খেলোয়াড়দের মিছিলেও সৌরভ অংশ নিতে পারেন বলে শোনা গিয়েছে। বিকাল তিনটায় শুরু সেই কর্মসূচী। গোষ্ঠপাল মূর্তির পাদদেশে হবে সেই অনুষ্ঠান।
এও জানা গিয়েছে, সৌরভ ততদিনই সোশ্যাল মিডিয়ায় সব অ্যাকাউন্টের প্রোফাইল কালো রাখবেন, যতদিন না দোষীদের শাস্তি ঘোষণা হয়। এর আগে গত শনিবার কন্যা সানার কোম্পানির অনু্ষ্ঠানে ডোনা বলেছিলেন, তাঁরাও গত ১৪ অগস্ট রাতে বিচারের দাবিতে মহিলাদের পথ দখলে সামিল হতে চেয়েছিলেন, কিন্তু সেদিন সানা অসুস্থ ছিলেন বলে তাঁদের কর্মসূচি বদল করতে হয়।