
শেষ আপডেট: 13 May 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: কিছু কিছু ঘটনার অনুরণন থেকে যায়। অনেক চেষ্টা করেও সেগুলি মোছা যায় না। বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে অম্লমধুর সম্পর্ক নিয়ে আগ্রহ রয়েছে ভারতীয় ক্রিকেটে।
এর আগের বছরই দিল্লি ও বেঙ্গালুরু ম্যাচে সৌরভ ও কোহলি মুখোমুখি সাক্ষাতের পরেও একে অপরকে হাত মেলানোর জন্য যাননি। কোহলি বরং সৌরভকে আগে থেকে দেখে হাত না বাড়িয়ে এগিয়ে গিয়েছিলেন। এই নিয়ে প্রবল বিতর্ক হয়। প্রথম পর্বে এমনটা ঘটলেও ফিরতি সাক্ষাতে সেই বৈরিতা মিটে গিয়েছিল। হাসি খেলে গিয়েছিল দুই মহারথীর মুখে।
শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটের একাংশের ধারণা, সৌরভ যখন বিসিসিআই সভাপতি ছিলেন, সেইসময় তাঁর অঙ্গুলিহেলনেই অধিনায়ক পদ থেকে সরেছিলেন কোহলি। যদিও মহারাজ এই বক্তব্য মানতে নারাজ। তিনি বরং জানান, কোহলি আমাদের এসে বলেছিলেন, তিনি শুধু টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে দলের অধিনায়ক থাকতে চান। সেইসময় তাঁকে প্রস্তাব দেওয়া হয়, টি ২০ ক্রিকেটের যখন অন্য অধিনায়কই হবে, তিনি তা হলে ওয়ান ডে দলেরও দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে কোহলিকে শুধু টেস্টের অধিনায়ক হতে বলা হয়।
— The Game Changer (@TheGame_26) May 13, 2024
এটাই নাকি চাননি কোহলি। তিনি মনে করেছিলেন, ভারতীয় ক্রিকেটে তাঁর যা অবদান, তাতে তাঁকে কেউ টি ২০ এবং ওয়ান ডে দলের অধিনায়ক থাকতে হবে না, এটা বলা মানে তাঁর ক্ষেত্রে অপমানের। এই যুক্তিতেই কোহলি সমর্থকরা সৌরভের সমালোচনা শুরু করে দিয়েছিলেন।
সেই বিতর্ক থিতিয়ে গিয়েও রয়ে গিয়েছে। তাই রবিবার দিল্লি ও বেঙ্গালুরু ম্যাচে দেখার ছিল, কোহলি ও সৌরভ খেলা শেষে একে অপরকে করমর্দন করেন কিনা। দেখা গিয়েছে, কোহলি ও সৌরভ করমর্দন করেছেন। কোহলির প্রতি সম্মানে সৌরভ টুপি খুলে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন।
এমনকী সৌরভকে কিছু একটা বলতেও দেখা যায় বিরাটের উদ্দেশে। কোহলিও পালটা বলেন মহারাজকে। বোঝাই গিয়েছে, অতীতের সেই বিতর্ক মিটে গিয়ে তাঁরা পেশাদারিত্ব বজায় রেখেছেন।