
দীপ্তি ও স্মৃতি
শেষ আপডেট: 24 January 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: রোহিতরা নাম ডুবিয়েছেন। আর সেই হারানো সম্মান কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন স্মৃতি মান্ধানারা। দুটো ঘটনাই ঘটেছে আজ, একইদিনে।
উপলক্ষ্য: আইসিসি প্রকাশিত ওয়ান ডে-র বর্ষসেরা একাদশের তালিকা। যেখানে ভারতের পুরুষদের ক্রিকেট টিমের একজনও জায়গা করে নিতে না পারলেও ঠাঁই পেলেন স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা। প্রথম জন ওপেনার হিসেবে। দ্বিতীয় জন অলরাউন্ডার রূপে। ভারত থেকে এই দুজনই সেরা একাদশে স্থান পেয়েছেন।
উল্লেখ্য, গত বছর অসাধরণ ফর্মে ছিলেন স্মৃতি। মেয়েদের ক্রিকেটে আগের মরশুমে সর্বাধিক রান সংগ্রাহক তিনি। ১৩ ম্যাচে করেছেন ৭৪৭ রান। গড় ৫৭.৪৬। ঝুলিতে চারটি সেঞ্চুরি। শতরানের নিরিখে তিনিই দেশের মহিলাদের ক্রিকেটারদের মধ্যে এক নম্বরে (১০টি)। ভেঙেছেন মিতালি রাজের রেকর্ড (৭টি)। এর সুবাদে শুধু বছরসেরা টিমেই নয়, সেরা মহিলা ক্রিকেটার হিসেবেও মনোনয়ন পেয়েছেন স্মৃতি। এখানে তাঁকে টক্কর দেবেন চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া) এবং লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)।
স্মৃতির পাশাপাশি তালিকায় জায়গা পেয়েছেন দীপ্তি শর্মাও। অলরাউন্ডার দীপ্তি ১৩ ম্যাচে করেছেন ১৮৬ রান। নিয়েছেন ২৪টি উইকেট।