
শর্মিলা ঠাকুর
শেষ আপডেট: 2 April 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: আগামী জুন মাসে ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া। পরীক্ষা লাল বলের ক্রিকেটে। তার কারণ ২০ জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ।
যদিও ধারা মেনে এবার থেকে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতাটি হয়তো ‘পতৌদি ট্রফি’ বলে অভিহিত হবে না। সূত্রের খবর, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প নাম কী হবে কিংবা আদৌ হবে কি না, সে বিষয়ে যদিও কিছু সামনে আসেনি। সামগ্রিক ইস্যুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিছু না বললেও ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথমবারের জন্য ট্রফিটির নামাঙ্কন হয়। ভারতীয় ক্রিকেটে পতৌদি পরিবারের ঐতিহ্য সুমহান। ইফতিকার পতৌদি এবং মনসুর আলি খান পতৌদি—একই পরিবার থেকে দুজন অধিনায়ক উঠে এসেছেন। এই ইতিহাসকে মাথায় রেখে ট্রফির নামকরণ। ২০০৭ সালে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে যার সূচনা। তখনই ঠিক হয়, ইংল্যান্ডের মাটিতে আয়োজিত সিরিজ হবে ‘পতৌদি ট্রফি’ এবং ইংল্যান্ড দল ভারতে খেলতে এলে সেই সিরিজ অ্যান্থনি ডি মেলো ট্রফি’ হিসেবে অভিহিত হবে।
ঐতিহ্যবাহী নাম আচমকা মুছে ফেলা নিয়ে অনেকে সরব হয়েছেন। মুখ খুলেছেন প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির স্ত্রী, অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। বলেছেন, ‘আমায় ওরা ব্যক্তিগতভাবে কিছু জানায়নি। কিন্তু ইসিবি সইফকে (সইফ আলি খান) মেলে লিখে পাঠিয়েছে যে, ওরা ট্রফিটি তুলে নিচ্ছে।‘ এরপরই বিসিসিআইয়ের কোর্টে বল ঠেলে জুড়েছেন, ‘বিসিসিআই টাইগারের (মনসুর পতৌদি) অবদান মনে রাখবে কি রাখবে না—এটা সম্পূর্ণ ওদের ব্যাপার।‘
এই নিয়ে মিডিয়ায় তর্ক-বিতর্ক শুরু হলেও ইসিবি মুখে কুলুপ এঁটেছে। না কিংবা হ্যাঁ—কিছুই বলেনি। ইংল্যান্ডের ক্রিকেটে বোর্ডের তরফে বলা হয়েছে, এই মুহূর্তে বিষয়টি নিয়ে তাদের তরফে কোনও বক্তব্য নেই।